আফগানিস্তানের কুনদুজ শহরে গতকাল শনিবার হাসপাতালে মার্কিন বিমান হামলায় আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা মেদসাঁ সঁ ফ্রতিয়েখের (এমএসএফ) নয়জন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের মতো আর নিখোঁজ আছেন অন্তত ৩০ কর্মী। তালেবানবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই বিমান হামলা চালানো হয়েছিল। খবর বিবিসি ও আল-জাজিরার।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুনদুজ শহরের দখল নিয়ে আফগান সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের ব্যাপক লড়াই চলছে। গত সোমবার আকস্মিকভাবে ওই শহর দখল করে সেখানে নিজেদের পতাকা ওড়ায় তালেবান বাহিনী। আফগান সরকার দুই দিন ধরে দাবি করছে, শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী।
তালেবানবিরোধী অভিযানে আফগান বাহিনীকে সহায়তা করতে মার্কিন বাহিনী গতকাল কুনদুজে বিমান হামলা চালায়।
এমএসএফ এক বিবৃতিতে বলছে, গতকাল হাসপাতালটিতে কয়েক দফায় বিমান হামলা চালানো হয়। এতে হাসপাতালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় অন্তত নয়জন কর্মী নিহত হয়েছেন। নিখোঁজ আছেন আরও অন্তত ৩০ জন। সেখানে ১০৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।
আফগানিস্তানে মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল ব্রায়ান ট্রাইবাস বলেন, কুনদুজ শহরে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে...আফগান বাহিনীর জন্য হুমকি এমন ব্যক্তিদের বিরুদ্ধে ওই হামলা চালানো হয়। তিনি আরও বলেন, হামলায় মূল লক্ষ্যবস্তুর পাশের একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তালেবান বাহিনী এক বিবৃতিতে হাসপাতালে হামলাকে ‘মার্কিন বাহিনীর বর্বরতা’ বলে আখ্যা দিয়েছে।
কুনদুজের চিত্র: সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের প্রচণ্ড লড়াইয়ের কারণে শহরের অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দা নাইম খান (৩০) বলেন, তাঁর পরিবার পালিয়ে পাশের তাখার প্রদেশে চলে এসেছে। করিম আহমাদি (৩৪) বলেন, দুই পক্ষের লড়াইয়ে কুনদুজের সাধারণ মানুষও প্রাণ হারাচ্ছে।
বিভিন্ন সূত্র বলেছে, আফগান বাহিনী এখন কুনদুজ ছাড়াও পাশের প্রদেশ তাখার ও বাঘলানে লড়াই শুরু করেছে।