কুনদুজে হাসপাতালে হামলা 'জঘন্য'
আফগানিস্তানের কুনদুজ শহরে হাসপাতালে মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। গভীর শোক প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। খবর বিবিসি ও রয়টার্সের।
গত শনিবার মার্কিন বিমান হামলায় কুনদুজে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা মেদসাঁ সঁ ফ্রতিয়েখ (এমএসএফ) পরিচালিত একটি হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিহত ১৯ জনের মধ্যে ১২ জন এমএসএফের কর্মী এবং সাতজন রোগী রয়েছেন। এমএসএফের প্রেসিডেন্ট মায়নে নিকোলা ঘটনাটিকে ‘জঘন্য এবং আন্তর্জাতিক মানবিক আইনের একটি গুরুতর লঙ্ঘন’ বলে বর্ণনা করেছেন। এমএসএফ গতকাল কুনদুজ থেকে তাদের সব কর্মীকে প্রত্যাহার করে নিয়েছে।
আফগানিস্তানের পররাষ্ট্র দপ্তর দাবি করেছে, হাসপাতাল ভবনটিকে ‘মানব বর্ম’ হিসেবে ব্যবহার করে তালেবান যোদ্ধারা ওই হামলা চালায়। তবে গতকাল এমএসএফ জানায়, রাতে বোমা হামলার সময় হাসপাতাল চত্বর বন্ধ ছিল। হাসপাতালের কর্মী, রোগী এবং তত্ত্বাবধায়ক ছাড়া বাইরের কেউ ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল না।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জায়েদ রা’দ আল হুসেইন ঘটনাটিকে ‘অমার্জনীয়, এমনকি সম্ভাব্য অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। সংস্থাটির মহাসচিব বান কি মুন এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।