কুনমিং-কলকাতা ট্রেন চালাতে চায় চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে ভারতের কলকাতা পর্যন্ত দ্রুতগতির ট্রেন চালু করতে চায় বেইজিং। রেলপথটি বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গেও যুক্ত হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সম্প্রতি কুনমিংয়ে আঞ্চলিক যোগাযোগবিষয়ক একটি সম্মেলনে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হয়। এতে চীন-ভারত-বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রেল যোগাযোগের এই প্রকল্প বিষয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে কুনমিংয়ের প্রাদেশিক সরকারের ভাইস সেক্রেটারি লি জি মিং বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়ন করতে আমরা খুবই আগ্রহী। এই দ্রুতগতির করিডর দিয়ে পণ্য ও যাত্রী—দুই-ই পরিবহন করা যাবে। রেলপথটি চালু হলে বাংলাদেশ ও মিয়ানমারও অর্থনৈতিকভাবে লাভবান হবে।’
এই প্রকল্পের জন্য অর্থ দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বেইজিংয়ের দাবি, কুনমিং থেকে কলকাতা ২ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ চালু হলে চার দেশের মধ্যে বছরে ১৩ হাজার ২০০ কোটি ডলারের বাণিজ্য হতে পারে। কুনমিংয়ের এই সরকারি কর্মকর্তা আরও বলেছেন, আগামী মাস থেকে কুনমিং-দিল্লি সরাসরি বিমান যোগাযোগ শুরু হতে যাচ্ছে।