কুন্দুজের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি আফগান সরকারের
আফগানিস্তানের কুন্দুজে আজ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। তালেবান জঙ্গিরা কুন্দুজের অনেক বাড়িতে লুকিয়ে আছে বলে সতর্ক করেছে তারা। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনী সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, সরকার কুন্দুজের নিয়ন্ত্রণ নিয়েছে।
এএফপির খবরে জানা যায়, সরকারি সূত্রগুলো বলছে, দেশটির উত্তরাঞ্চলের কুন্দুজ শহরের বাইরের কিছু এলাকায় এখনো সংঘর্ষ চলছে। তবে শহরের কেন্দ্র জঙ্গিমুক্ত করা হয়েছে। একটি সূত্র বলছে, অভিযানে শতাধিক জঙ্গি নিহত হয়েছে।
গতকাল সোমবার সকালেই দিকে কুন্দুজে হামলা চালায় তালেবান জঙ্গিরা। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি ব্রাসেলসে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে গেছেন।
কুন্দুজের পুলিশপ্রধান মোহাম্মদ কাসিম জাঙ্গালবাগ বলেন, বিশেষ বাহিনীর সহায়তায় গতকাল রাতে তাঁরা কুন্দুজে অভিযান চালিয়েছেন। পুরো শহরকে জঙ্গিমুক্ত করা হয়েছে। অভিযানে শতাধিক জঙ্গি নিহত হয়েছে। তবে জঙ্গিরা সংখ্যায় ঠিক কতজন, তা নির্ধারণ করা যায়নি।
কুন্দুজের প্রাদেশিক গভর্নর আসাদুল্লাহ ওমরখিল বলেন, এখনো সেখানে অভিযান চলছে। তবে তালেবান জঙ্গিরা সাধারণ বাসিন্দাদের বাড়িতে লুকিয়ে থাকায় অভিযান ধীরগতিতে পরিচালনা করতে হচ্ছে। ওমরখিল বলেন, কুন্দুজের বাসিন্দাদের নিজেদের বাড়িতে অবস্থান করতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া শহরে ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়েছে।
আফগানিস্তানে নিযুক্ত ন্যাটো বাহিনী সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, সরকার কুন্দুজের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে পেন্টাগন বলছে, যুক্তরাষ্ট্র কুন্দুজে বিমান এখনো অভিযান চালাচ্ছে। আফগান সেনাবাহিনীর সহায়তায় সেখানে বিশেষ অভিযান চলছে।
পেন্টাগনের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন জেভ দাভিস বলেন, তাঁরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কুন্দুজ হাসপাতাল ও আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছে। কমপক্ষে একজন নিহত হতে পারে। কুন্দুজের বাসিন্দারা বলছেন, সংঘর্ষ ও চলাকালে তাঁরা একপ্রকার গৃহবন্দী হয়ে পড়েন।
২০২০ সাল পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আর্থিক সাহায্য নিশ্চিত করতে ঘানি ব্রাসেলসে আগামী মঙ্গল ও বুধবার বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন।