কুন্দুজের 'অর্ধেক' তালেবানের দখলে, লড়াই চলছে

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজের প্রায় অর্ধেক এলাকা তালেবান যোদ্ধারা দখল করে নিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো বলেছে, তারা ইতিমধ্যেই প্রাদেশিক রাজধানীর প্রাণকেন্দ্রে ঢুকে গভর্নরের ভবনসহ বেশ কয়েকটি সরকারি ভবন ও একটি জেলখানা দখল করে নিয়েছে।
পুরো শহরের পতন হলে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর অভিযানে তালেবান শাসন অবসানের পর এটিই হবে তালেবানের কোনো প্রাদেশিক রাজধানী দখলের প্রথম ঘটনা। খবর বিবিসির।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দখলকৃত ভবনগুলোতে তালেবান যোদ্ধারা তাঁদের সাদা পতাকা উড়িয়ে দিয়েছে। এখনো সেখানে সরকারি বাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলি চলছে। সরকারি কর্মকর্তারা পালিয়ে যাওয়ার জন্য কঠোর নিরাপত্তায় ঘিরে রাখা কুন্দুজের বিমানবন্দরের দিকে ছুটছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তালেবান যোদ্ধারা ওই বিমানবন্দর দখল করার জন্য সেদিকে ধেয়ে যাচ্ছে।
পুলিশের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, আজ সোমবার ভোরে আফগানিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত কৌশলগত দিক থেকে অতিগুরুত্বপূর্ণ এই শহরটিতে হামলা চালায় তালেবান যোদ্ধারা। প্রায় দুই হাজার সশস্ত্র যোদ্ধা তিন দিক থেকে শহরে ঢুকে পড়ে। বিকেল নাগাদ শহরের অর্ধেক এলাকা দখল করে ফেলে তারা। নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের লড়াই হয়েছে। এখনো চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। কুন্দুজ শহরের অর্ধেক নিয়ন্ত্রণ তালেবানদের হাতে যাওয়ার কথা স্বীকার করেছে আফগান সরকারও।
কুন্দুজ শহরের পুলিশের মুখপাত্র সাঈদ সারোয়ান হুসেইনি বলেন, কুন্দুজ শহরের কারাগার দখলে নিয়ে ৫০০ বন্দীকে মুক্ত করেছে তালেবান যোদ্ধারা।
পুলিশ বলেছে, ইতিমধ্যে ২৫ আফগান যোদ্ধা ও দুই পুলিশ নিহত হয়েছে। সরকার সেখানে অতিরিক্ত সেনা পাঠিয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শহরের কেন্দ্রস্থলে তালেবানদের পতাকা তোলা হয়েছে। এই জায়গাটি শহরের গভর্নর ভবন থেকে ২২০ মিটার দুরে অবস্থিত।
শহরটিতে দখল ধরে রাখতে পারলে এই ঘটনাকে ১৪ বছর আগে ক্ষমতা হারানো তালেবান সরকারের প্রতীকী উত্থান বলেও মনে করা হতে পারে বলে অনেকে বলছেন।