কুয়ালালামপুরে সন্ত্রাসী হামলার হুমকি, সেনা মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ানের সম্মেলন স্থলে গতকাল সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ছবি: এএফপি
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ানের সম্মেলন স্থলে গতকাল সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ছবি: এএফপি

‘অত্যাসন্ন’ সন্ত্রাসী হামলার হুমকির মুখে আজ শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সেনা মোতায়েন করা হয়েছে। আঞ্চলিক জোট আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজই দেশটিতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি আসার আগেই সেনা মোতায়েন করা হয়। খবর রয়টার্সের।
মালয়েশীয় কর্তৃপক্ষ বলেছে, অসমর্থিত সূত্রে সন্ত্রাসী হামলার হুমকির ওই খবর পাওয়া যায়। বৃহস্পতিবার রাতে দেশটির পুলিশপ্রধান খালিদ আবু বকর বলেন, ‘আসন্ন সন্ত্রাসী হামলার হুমকির কয়েকটি খবর আছে। তবে এসব খবর এখনো নিশ্চিত নয়।’ আবু বকর বলেন, ফ্রান্স, মিসর এবং লেবাননে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মালয়েশিয়ার সেনাবাহিনীর প্রধান জুলকিফেলি মো. জিন জানান, কুয়ালালামপুরের গুরুত্বপূর্ণ জায়গায়গুলোতে দুই হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও আড়াই হাজার সেনাসদস্য প্রস্তুত রাখা হয়েছে।
কাল শনিবার থেকে শুরু হতে যাওয়া ১০ দেশের জোট আসিয়ানের সম্মেলনে সদস্যরাষ্ট্র ছাড়াও সাতটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যোগ দেবেন। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, নিউজিল্যান্ড, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া।
আজ দুপুরে কুয়ালালামপুরে পৌঁছান বারাক ওবামা। পরে তিনি কুয়ালালামপুর ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বলেন, মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে আলোচনার সময় তিনি অবশ্যই মানবাধিকার এবং দুর্নীতির বিষয়গুলো উত্থাপন করবেন। এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অবশ্যই এ বিষয়গুলো আলোচনায় তুলব।’