কুয়ালালামপুরে 'হুমকির' খবরে সেনা মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অত্যাসন্ন’ সন্ত্রাসী হামলার হুমকির মুখে গতকাল শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সেনা মোতায়েন করা হয়। আঞ্চলিক জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকালই দেশটিতে যান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি আসার আগেই সেনা মোতায়েন করা হয়। খবর রয়টার্সের।
মালয়েশীয় কর্তৃপক্ষ বলেছে, অসমর্থিত সূত্রে ওই হুমকির খবর পাওয়া যায়। বৃহস্পতিবার রাতে দেশটির পুলিশপ্রধান খালিদ আবু বকর বলেন, ‘আসন্ন সন্ত্রাসী হুমকির কয়েকটি খবর আছে। তবে এসব খবর এখনো নিশ্চিত নয়।’ আবু বকর বলেন, ফ্রান্স, মিসর ও লেবাননে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মালয়েশিয়ার সেনাবাহিনীর প্রধান জুলকিফেলি মো. জিন জানান, কুয়ালালামপুরের গুরুত্বপূর্ণ জায়গায় দুই হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও আড়াই হাজার সেনাসদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
আজ শনিবার থেকে শুরু হওয়া ১০ সদস্যের আসিয়ান সম্মেলনে জোটের দেশগুলোর বাইরের সাতটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অংশ নিচ্ছেন। এই দেশগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, নিউজিল্যান্ড, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া।
গতকাল দুপুরে কুয়ালালামপুর পৌঁছান বারাক ওবামা। পরে তিনি কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেন।