কুয়েতে আত্মঘাতী বোমা হামলাকারীকে বহনকারী চালক আটক

কুয়েতে শিয়া মসজিদে আত্মঘাতী হামলাকারীকে বহনকারী গাড়ির চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবারের ওই আত্মঘাতী হামলায় ২৬ জন নিহত ও ২২৭ জন আহত হয়।
আজ রোববার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, আত্মঘাতী ওই হামলাকারী যে বাড়িতে লুকিয়ে ছিলেন, সে বাড়ির মালিক এক কুয়েতি নাগরিককে আটক করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এ দেশটিতে প্রথম এ আত্মঘাতী বোমা হামলা চালানোর কথা স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
ওই চালকের নাম আবদুল রহমান সাবাহ এইদান সৌদ। ১৯৮৯ সালে জন্ম নেওয়া ওই চালককে ‘অবৈধ বাসিন্দা’ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই আত্মঘাতী হামলাকারীকে আল ইমাম আল সাদেক মসজিদে গাড়িতে করে নিয়ে যান।
কুয়েতে বেদুইন সম্প্রদায়ের লোকদের সরকারিভাবে ‘অবৈধ বাসিন্দা’ হিসেবে উল্লেখ করা হয়। দেশটিতে এক লাখ ১০ হাজারের মতো বেদুইন রয়েছে।