কুয়েতে রাজপরিবারের সদস্যসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতে রাজপরিবারের একজন সদস্য, একজন নারীসহ মোট সাতজনের মৃত্যুদণ্ড গতকাল বুধবার কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের তালিকায় বাংলাদেশের একজন, ফিলিপাইনের একজন, ইথিওপিয়ার একজন, কুয়েতের দুজন ও মিসরের দুজন আছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনায় প্রকাশিত বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

কুয়েতের শাসক শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছেন। দেশটির কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

কুয়েতের রাজপরিবারের সদস্যের নাম ফয়সাল আবদুল্লাহ আল জাবের আল সাবাহ। পরিকল্পিত হত্যাকাণ্ড ও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহারের দায়ে তাঁর এই দণ্ড কার্যকর হয়।

সাজা কার্যকর হওয়া কুয়েতের অপরজন হলেন নাসরা আল-ইনজি নামের এক নারী। পরিকল্পিত খুনের দায়ে ২০১০ সালে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করতে যাওয়ায় তিনি বিয়েবাড়িতে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিলে ৪০ জনের বেশি ব্যক্তির মৃত্যু হয়।

ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চার্লস হোসে এক বিবৃতিতে বলেছেন, ফিলিপাইনের জাকাতিয়া পাওয়া তাঁর বসের মেয়েকে হত্যার দায়ে দণ্ডিত হন।