তিউনিসিয়ায় জঙ্গিবিরোধী সমাবেশ, ফ্রান্সে সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ
কুয়েতে হামলাকারী সৌদি নাগরিক

তিউনিসিয়ায় জঙ্গি হামলার নিন্দা জানিয়ে উপকূলীয় সুস শহরে গতকাল রোববার সমাবেশ হয়েছে। কুয়েতের শিয়া মসজিদে হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে সেখানকার কর্তৃপক্ষ। আর ফ্রান্সের লিয়ঁ এলাকার এক ব্যক্তির শিরশ্ছেদের নৃশংস ছবি মুঠোফোনের মাধ্যমে কানাডায় পাঠানোর ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই তিন দেশেই গত শুক্রবার সন্ত্রাসী হামলা হয়। খবর এএফপি, বিবিসি ও আল-জাজিরার।
তিউনিসিয়ার পর্যটন শহর সুসের জনসাধারণ সেখানকার একটি হোটেলে জঙ্গি হামলায় ৩৮ জনকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে গতকাল সমাবেশ করেছে। গত শুক্রবারের ওই হামলায় নিহত বিদেশি পর্যটকদের মধ্যে অন্তত ১৫ জন ব্রিটিশ নাগরিক। সিরিয়া ও ইরাকভিত্তিক সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।
কুয়েতের মসজিদে হামলাকারী সৌদি নাগরিক: কুয়েত সিটির একটি শিয়া মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি সৌদি আরবের নাগরিক, নাম আবু সুলেইমান আল-মুয়াহিদ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানায়, সুলেইমান শুক্রবার ভোরে কুয়েত বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশ করেন। ওই হামলায় ২৬ জন নিহত ও ২২৭ জন আহত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে হামলাকারীর গাড়িচালকসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সালহির স্বীকারোক্তি: ফ্রান্সে শুক্রবার শিরশ্ছেদের ঘটনায় জড়িত বলে সন্দেহভাজন ইয়াসিন সালহি তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যারভে করনারাকে হত্যার কথা স্বীকার করেছেন। সালহি জানান, তাঁদের মধ্যে কয়েকদিন আগে ঝগড়া হয়েছিল। সালহি শিরশ্ছেদের ওই ঘটনার একটি ছবি (সেলফি) কানাডার একটি মুঠোফোন নাম্বারে পাঠান বলে গতকাল খবর প্রকাশিত হয়েছে। তদন্ত কর্মকর্তারা বলেন, বেশ কয়েক ঘণ্টা নীরব থাকার পর ওই হামলা সম্পর্কে তথ্য দিতে শুরু করেছেন ৩৫ বছর বয়সী সালহি।