কূটনৈতিক মীমাংসা চায় কাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহযোগী আরব দেশগুলোর সঙ্গে বিরোধ নিষ্পত্তির জন্য কাতার জোরদার কূটনৈতিক প্রচেষ্টা নিতে চায়। সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও একাধিক প্রতিবেশী দেশ ইতিমধ্যে কাতারের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এদিকে এই বিরোধের বাইরে থাকা একই অঞ্চলের দেশ কুয়েত সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে। জবাবে কাতার বলেছে, তারা এ ধরনের প্রস্তাব গ্রহণ করতে আগ্রহী।
আল-জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি বলেন, কুয়েতের আমিরের গতকাল মঙ্গলবারই সৌদি আরবে গিয়ে দেশটির বাদশাহ্র সঙ্গে আলোচনা করার কথা। কাতার ‘উদারতা ও সততার সংলাপ’ চাইছে।
বাহরাইন, সৌদি আরব, ইউএই, ইয়েমেন, লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার এবং মালদ্বীপ গত সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। বাহরাইন, সৌদি আরব এবং ইউএই কর্তৃপক্ষ কাতারের নাগরিকদের দুই সপ্তাহের মধ্যে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং নিজ নিজ দেশের নাগরিকদের কাতারে যেতে নিষেধ করেছে।
আয়তনে ছোট কিন্তু গ্যাস-সম্পদে খুবই সমৃদ্ধ দেশ কাতারের বিরুদ্ধে প্রতিবেশীসহ আরব বিশ্বের শক্তিধর দেশগুলোর বিরোধ সোমবার থেকেই স্পষ্ট রূপ নেয়। কাতারের সঙ্গে সৌদি আরব, বাহরাইন এবং ইউএই আকাশপথ, সড়কপথ ও সমুদ্রপথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ইউএই এবং মিসর কাতারের কূটনীতিকদের দেশত্যাগের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। সৌদি কর্তৃপক্ষ কাতারের টেলিভিশন চ্যানেল আল–জাজিরার একটি স্থানীয় কার্যালয় বন্ধ করে দিয়েছে। এসব পদক্ষেপের প্রভাব গতকাল স্থানীয় সময় সকাল থেকেই দেখা যায়। কাতারের রাজধানী দোহা বহু আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের একটি কেন্দ্র হিসেবে পরিচিত। ইতিহাদ এয়ারওয়েজ এবং এমিরেটসের মতো বড় বড় আন্তর্জাতিক বিমান পরিবহন প্রতিষ্ঠান কাতারের আকাশসীমায় নিষেধাজ্ঞার ফলে সংকটে পড়েছে।
সৌদি আরব গতকাল কাতার এয়ারওয়েজের লাইসেন্স বাতিল করেছে এবং প্রতিষ্ঠানটির সৌদি কার্যালয় ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে। কাতারের মানুষ খাদ্যের জন্য আমদানির ওপর নির্ভরশীল। তাই দেশটিতে নিত্যপ্রয়োজনীয় খাবার মজুত করার হিড়িক পড়েছে। দেশটির উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যপণ্য সৌদি সীমান্ত দিয়ে পরিবহন করা হয়, যা এখন বন্ধ। নির্মাণসামগ্রী পরিবহনের জন্যও এই সড়কপথ খুব গুরুত্বপূর্ণ। কাতারে ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের কথা রয়েছে। এ জন্য দেশটিতে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী পরিবহন করা হচ্ছে। সৌদি সীমান্তপথ বন্ধ থাকায় এ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।