কৃত্রিম দ্বীপে যেকোনো সময় যুদ্ধবিমান পাঠাতে পারে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অংশে চীনের কৃত্রিম দ্বীপে অবকাঠামো নির্মাণের কাজ দৃশ্যত শেষ হয়ে এসেছে। বেইজিং যেকোনো সময় সেখানে যুদ্ধবিমানসহ অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠাতে পারে। যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনালের অধীন এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ (এএমটিআই) গত সোমবার এ পর্যবেক্ষণ জানিয়েছে।
গবেষণাপ্রতিষ্ঠান এএমটিআই বলেছে, কৃত্রিম উপগ্রহ থেকে তোলা চলতি মাসের ছবি বিশ্লেষণ করে তারা দেখেছে, স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের ফায়ারি ক্রস, সাবি ও মিসচিফ রিফে পুরোদমে কাজ চলছে। সেখানে নৌ, বিমান, রাডার ও সামরিক স্থাপনা নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। গবেষণাপ্রতিষ্ঠানটির পরিচালক গ্রেগ পলিং বলেন, কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে ফায়ারি ক্রস ও সাবিতে রাডার অ্যান্টেনা শনাক্ত করেছেন তাঁরা। তিনি বলেন, দেখেশুনে মনে হচ্ছে, অদূর ভবিষ্যতেই সেখানে সামরিক সরঞ্জাম পাঠানো শুরু হবে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত মাসে একই কথা বলেছেন। তাঁরা দাবি করেন, সাবি, মিসচিফ ও ফায়ারি ক্রসে দুই ডজনের বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি শনাক্ত করতে পেরেছেন তাঁরা। চীন এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এলেও গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াংও বলেন, দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় ‘নৌ চলাচলের স্বাধীনতা’ নিশ্চিতে তাঁর দেশ কৃত্রিম দ্বীপে সামরিক সরঞ্জাম স্থাপন করেছে।
এএমটিআই বলছে, চীন স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে তিনটি এবং আরও উত্তরে প্যারাসেল দ্বীপপুঞ্জে আরও একটি বিমানঘাঁটি স্থাপন করতে পারলে দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকাজুড়ে সামরিক বিমান কার্যক্রম পরিচালনা করতে পারবে। ফলে বৈশ্বিক নৌবাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি রুট বেইজিংয়ের নিয়ন্ত্রণে চলে আসবে।
বহুদিন ধরেই দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকা নিজের বলে দাবি করে আসছে চীন। তবে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের মতো এই সাগরের তীরবর্তী অন্য কয়েকটি দেশের অভিযোগ, তাদের অধিকার খর্ব করে চীন অনৈতিকভাবে সাগরটিতে নিজের প্রভাব বিস্তার করতে চাইছে।
যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠানটি বলেছে, উডি দ্বীপে এক বছরের বেশি সময় আগে চীন এইচকিউ-নাইন মডেলের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে। জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও পাঠানো হয়েছে সেখানে। সেই সঙ্গে ফায়ারি ক্রস, সাবি ও মিসচিফে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ভ্রাম্যমাণ উৎক্ষেপকও পাঠিয়েছে চীন। এ ছাড়া ফায়ারি ক্রসে যুদ্ধবিমান, বোমারু বিমানসহ তিনটি বড় উড়োজাহাজের জন্য যথেষ্টসংখ্যক হ্যাঙ্গার থাকার প্রমাণ পাওয়া গেছে।