কে দেখবে জাপানের প্রবীণদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে প্রবীণদের সংখ্যা মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। তবে দেশটির জনসংখ্যা ক্রমেই কমতে থাকায় এসব মানুষের দেখভাল করার লোকের সংখ্যা কমে আসছে। ছবিটি প্রতীকী। ছবি: রয়টার্স
জাপানে প্রবীণদের সংখ্যা মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। তবে দেশটির জনসংখ্যা ক্রমেই কমতে থাকায় এসব মানুষের দেখভাল করার লোকের সংখ্যা কমে আসছে। ছবিটি প্রতীকী। ছবি: রয়টার্স

সপ্তাহে একদিন ছুটি পান জাপানের ২৯ বছর বয়সী তরুণী মিদোরি। ওই দিন রাতে ৯৬ বছর বয়সী দাদিকে শৌচাগারে নিয়ে যেতে মাঝরাতে তাঁকে কয়েকবার ঘুম থেকে উঠতে হয়। দাদির যাতে কষ্ট না হয়, এ জন্য তাঁর পাশেই ঘুমান মিদোরি। কাজটা আনন্দের নয় মোটেও, তবুও সপ্তাহের বাকি ছয়টি দিন রাতের বেলা দাদিকে সাহায্য করতে পারেন না বলে অনুশোচনাও হয় তাঁর।

পারিবারিক অসচ্ছলতার কারণে প্রবীণদের সেবায় নিয়োজিত একটি নার্সিং হোমে কাজ করতে হয় মিদোরিকে। ওই ছয় দিন তাঁর দাদিও এমনই আরেকটি নার্সিং হোমে থাকেন। তবে এসব কিছুর আড়ালে চাপা পড়ে গেছে মিদোরির নিজের জীবন। বন্ধুদের সঙ্গে আড্ডার মুহূর্তগুলো জীবন থেকে এখন প্রায় হারিয়েই গেছে, মাঝে মাঝেই সেই মুহূর্তগুলোর অভাব অনুভব করেন মিদোরি। বয়স বেড়ে যাচ্ছে, নিজে বিয়ে করে সংসার শুরু করতে চান। কবে তা শুরু করতে পারবেন, তা এখনো জানেন না মিদোরি। উন্নত জীবনের জন্য বিদেশে যেতে চান, সেই আশায়ও গুড়ে বালি। তবে এসব থেকে নিস্তার পেতে দাদির মৃত্যু একবারের জন্যও কামনা করেন না তিনি। বরং মিদোরির আশা, দাদি যেদিন শতবর্ষ পূরণ করবেন, সেদিন যেন তাঁর পাশে থাকতে পারেন।

গতকাল সোমবার বিবিসির অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে মিদোরির মতো জাপানের এক লাখ ৭৭ হাজার ৬০০ মানুষের বাস্তবতার করুণ এ চিত্র উঠে এসেছে, যাঁদের বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে। ইচ্ছার বিরুদ্ধে হলেও তাঁদের পরিবার ও পরিবারের প্রবীণ সদস্যের দায়িত্ব নিতে হচ্ছে।

জাপানে প্রবীণদের সংখ্যা মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। তবে দেশটির জনসংখ্যা ক্রমেই কমতে থাকায় এসব মানুষের দেখভাল করার লোকের সংখ্যা কমে আসছে। ছবিটি প্রতীকী। ছবি: রয়টার্স
জাপানে প্রবীণদের সংখ্যা মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। তবে দেশটির জনসংখ্যা ক্রমেই কমতে থাকায় এসব মানুষের দেখভাল করার লোকের সংখ্যা কমে আসছে। ছবিটি প্রতীকী। ছবি: রয়টার্স

কেবল তরুণদেরই নয়, জাপানে ক্রমবর্ধমান প্রবীণ সদস্যদের দায়িত্ব নিতে হচ্ছে পরিবারের অন্য প্রবীণ সদস্যদেরও। এতে তাঁদেরও ব্যাপক অসুবিধায় পড়তে হচ্ছে। গত মাসেই ৭১ বছর বয়সী এক লোককে স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়। ওই লোকের স্ত্রীর স্মৃতিভ্রষ্ট রোগ (ডিমেনশিয়া) ছিল। ওই ব্যক্তি পুলিশকে দেওয়া স্বীকারোক্তিতে বলেছেন, ‘তাঁকে (স্ত্রীকে) দেখভাল করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম।’

বর্তমানে জাপানের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশের বেশি মানুষের বয়স ৬৫ বছরের ওপরে। ২০৫৫ সালনাগাদ দেশটির ৪০ শতাংশ মানুষের বয়স ৬৫-এর বেশি হবে। ওই সময় আবার দেশটির জনসংখ্যা ১৩ কোটি থেকে কমে প্রায় নয় কোটিতে নেমে আসবে।

জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, পরিস্থিতি সামাল দিতে ২০২৫ সালের মধ্যে দেশটির সেবাকর্মীর সংখ্যা আরও ১০ লাখ বাড়াতে হবে।

এ সমস্যার সহজ সমাধান হতে পারে বাইরের দেশ থেকে জনশক্তি আমদানি। তবে সাংস্কৃতিক ভিন্নতার কারণে এ সমাধানে জাপানিরা খুব একটা আগ্রহী নয়। দেশটিতে বসবাসরত অন্য দেশের প্রবাসী মানুষের সংখ্যা মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ। ২০০৮ সাল থেকে জাপান সরকার অন্য দেশ থেকে নার্স ও সেবা কর্মী আনার বিষয়ে অনুমতি দিয়েছে। তবে সে ক্ষেত্রে যেসব কঠিন শর্ত আরোপ করা হয়েছে, তা পূরণ করতে পেরেছেন মাত্র ৩০৪ জন বিদেশি নার্স ও সেবাকর্মী।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানান, নার্সসহ বিদেশি কর্মী আনার বিষয়ে তিনি আগ্রহী। তবে তিনি বলেন, তিন বা পাঁচ বছর কাজ করে তাঁদের নিজ নিজ দেশে ফিরে যেতে হবে।