
মিয়ানমারের ঐতিহাসিক নির্বাচনে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল জয় পেয়েছে। ৮ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে এনএলডিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তবে দেশটির নতুন প্রেসিডেন্ট পেতে আগামী বছরের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
প্রেসিডেন্ট হতে পারেন—এমন বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন মিয়ানমার সেনাবাহিনীর সাবেক প্রধান এবং এনএলডির প্রতিষ্ঠাতা সদস্য টিন ওও এবং সাবেক সেনা কর্মকর্তা ও সু চির ঘনিষ্ঠ বলে পরিচিত উইন তেইন। এ ছাড়া জোরালোভাবে আলোচিত হচ্ছে পার্লামেন্টের বর্তমান স্পিকার ইউ শয়ে ম্যার নামও।
কীভাবে আগামী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন? এক কথায়, তিনি হবেন পরোক্ষভাবে। ২০০৮-এ প্রণীত সংবিধান এই পদের নির্বাচন নিয়ে জটিলতা পাকিয়েছে। নিয়মানুযায়ী, পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচিত করবে। পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য থেকে একজন করে দুজন এবং সেনাবাহিনীর অনির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজনকে প্রথম বাছাই করা হবে। পরে পার্লামেন্টের যৌথ অধিবেশনে নির্বাচিত ও অনির্বাচিত সব সদস্যের ভোটে হবেন প্রেসিডেন্ট। পরাজিত বাকি দুজন হবেন ভাইস প্রেসিডেন্ট।
সু চি কি প্রেসিডেন্ট হতে পারবেন? জবাব হলো সংবিধান অনুযায়ী, সন্তানেরা বিদেশি নাগরিক হওয়ায় তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না।
সু চি না হলে কে হবেন প্রেসিডেন্ট? এ ব্যাপারে দীর্ঘ অনুমান এই যে অং সান সু চি ও পার্লামেন্টের বর্তমান স্পিকার ইউ শয়ে ম্যার মধ্যে সমঝোতা হয়ে আছে। সেনাবাহিনী ও সু চির দীর্ঘদিনের মতপার্থক্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সমঝোতার বিষয়টি। কিন্তু শয়ে ম্যাকে বর্তমান ক্ষমতাসীন দল ইউএসডিপির প্রধানের পদ থেকে গত আগস্টে সরিয়ে দেওয়া হয়। একে সেনাসমর্থিত ক্ষমতাসীন দলটির মধ্যেই ‘মৃদু অভ্যুত্থান’ বলে আখ্যা দেওয়া হয়। এ অবস্থায় সেনাবাহিনীর সমর্থন ছাড়া তাঁর পক্ষেও প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়। তাহলে কে হবেন? গত অক্টোবরের শুরুতে ‘ইন্ডিয়ান টিভি’কে সু চি বলেছিলেন, এনএলডি সংখ্যাগরিষ্ঠতা পেলে দেশের শীর্ষ এই পদটির জন্য একজন বেসামরিক প্রার্থীর নাম তাঁর মনের মধ্যে আছে।
প্রেসিডেন্টের ক্ষমতা কেমন হবে? যেমনটা ধারণা করা হয় তেমন নয়। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলো (যেমন, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও সীমান্ত-বিষয়ক) প্রেসিডেন্ট নয়, বরং সেনাপ্রধান নির্ধারণ করবেন। তা ছাড়া সেনাবাহিনীর অনুমোদন ছাড়া সংবিধানের কোনো পরিবর্তনও কার্যকর হবে না।
৮ নভেম্বর হয়ে যাওয়া নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে। এ নির্বাচন কি গণতান্ত্রিক ছিল? জবাবে বলা যায়, গণতান্ত্রিক ছিল এমন ধারণা প্রচলিত থাকলেও সবাই মানবেন, এটি ছিল কিছু গুরুতর ত্রুটিতে আচ্ছন্ন। নির্বাচনের আগে প্রকাশিত ভোটার তালিকায় ছিল মৃত ব্যক্তিদের নাম। সংখ্যালঘু বিপুলসংখ্যক মুসলিম রোহিঙ্গাকেও দেওয়া হয়নি ভোটাধিকার। তারপরও এই নির্বাচনকে অনেকাংশেই অবাধ ও সুষ্ঠু বলে মেনে নিয়েছেন প্রায় সবাই।