কে হচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিয়ানমারের পার্লামেন্টে কাল বৃহস্পতিবারই প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নাম উপস্থাপন করা হবে। দেশটির সামরিক জান্তার তৈরি করা সংবিধানের বিশেষ বিধানের কারণে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি প্রার্থী হতে পারছেন না। তবে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সু চির দল এনএলডির বিপুল বিজয়ের কারণে তাঁর মনোনীত প্রার্থীই যে প্রেসিডেন্ট হবেন, তা নিশ্চিত। খবর এএফপির।
মিয়ানমারের সামরিক জান্তার তৈরি করা সংবিধান অনুযায়ী তিনজন প্রার্থী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। সন্তান ও প্রয়াত স্বামী বিদেশি নাগরিক হওয়ায় সাংবিধানিক বিধিনিষেধের জন্য সু চি প্রার্থী হতে পারছেন না। সে ক্ষেত্রে তাঁর মনোনীত প্রার্থীই হবেন প্রেসিডেন্ট। কিন্তু এনএলডির মনোনীত প্রার্থী কে হচ্ছেন, সে বিষয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছেন দলটির নেতারা। প্রেসিডেন্ট পদে দলটির প্রার্থী হিসেবে কয়েকটি নাম অবশ্য ঘুরেফিরে আসছে। তাঁরা হলেন:
থিন কিউ: তিনি সু চির ব্যক্তিগত চালক হিসেবে পরিচিত। তবে বাস্তবে এর চেয়ে অনেক বড় অবস্থানে আছেন সু চির স্কুলজীবনের বন্ধু এ মানুষটি। সু চির খুব বিশ্বস্ত এই পরামর্শক দলনেত্রী এবং দলের প্রতি খুবই শ্রদ্ধাশীল হিসেবে পরিচিত। মিয়ানমারের খ্যাতনামা লেখক ও কবি মিন থু উনের ছেলে থিন কিউয়ের বয়স ৬৯ বছর। সু চি পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানটির তিনি জ্যেষ্ঠ নির্বাহী। আর তাঁর স্ত্রী এনএলডির এমপি।
তেন মিউ ওয়েন: সু চির পারিবারিক চিকিৎসক তিনি। সু চি ১৫ বছর গৃহবন্দী থাকার সময় হাতে গোনা যে কয়েকজন তাঁর সঙ্গে দেখা করতে পারতেন, তেন তাঁদের একজন। এনএলডির চিকিৎসা-বিষয়ক সংগঠন ন্যাশনাল হেলথ নেটওয়ার্কের প্রধান তিনি। তেনও সু চির বেশ বিশ্বস্ত মানুষ হিসেবে পরিচিত। নির্বাচনে বিজয়ের পর সু চি সেনাপ্রধান মিন অং লাইংয়ের সঙ্গে যে কয় দফা বৈঠক করেন, তার প্রতিটিতেই ছিলেন তেন। তবে ৬৪ বছর বয়সী এ চিকিৎসক সেনাবাহিনীর বাইরের মানুষ হওয়ায় প্রভাবশালী সেনা মহলের কাছে খুব পছন্দের হবেন না বলেই ধারণা করা হয়। ইয়াঙ্গুনের মুসলিম ফ্রি হসপিটালের শল্যচিকিৎসক হিসেবে কাজ করছেন তেন।
তেন ম্রা অং: তেন মিউ ওয়েনের মতো এই নারীও সু চির ব্যক্তিগত চিকিৎসক। সংখ্যালঘু রাখাইন জাতিগোষ্ঠীর এই নেত্রীকে মিয়ানমারের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনে করা হচ্ছে। আবার এমন ধারণাও আছে যে, সু চি নিজেই পররাষ্ট্রমন্ত্রী হবেন।
তেন উ: সামরিক বাহিনীর জেনারেল থেকে গণতন্ত্রপন্থী রাজনৈতিক কর্মী হয়ে ওঠা এই মানুষটির প্রতি মিয়ানমারের সাধারণ মানুষের ব্যাপক শ্রদ্ধাবোধ আছে। তিনি এনএলডির প্রতিষ্ঠাকালীন সদস্য। ১৯৮৮ সালে রক্তক্ষয়ী গণবিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন। মিয়ানমারের সামরিক শাসক নে উইনের সময় তিনি সেনাবাহিনীর কমান্ডার ছিলেন। তবে বয়স এই নেতার প্রেসিডেন্ট হওয়ার পথে বড় বাধা। এখন তাঁর বয়স ৯০।
শোয়ে মান: এনএলডির সদস্য না হলেও দলটির প্রার্থী হিসেবে সাবেক এই জেনারেলকেও ভাবা হচ্ছে। সেনাসমর্থিত রাজনৈতিক দল থেকে তাঁকে গত বছর বহিষ্কার করা হয়। এরপর থেকেই সু চির সঙ্গে রাজনৈতিক সখ্য গড়ে তোলেন তিনি। বিশ্লেষকেরা বলছেন, সেনাবাহিনী মেনে নেবে, এমন একজন প্রার্থী তিনি। তবে তিনি প্রেসিডেন্ট হলে এনএলডির একটি বড় অংশ খুশি হবে না।