কেন হুমকিতে আল জাজিরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুর দিনগুলোতে ভালো কর্মীর জন্যই সংগ্রাম করতে হয়েছিল আল জাজিরাকে। ছবি রয়টার্স।
শুরুর দিনগুলোতে ভালো কর্মীর জন্যই সংগ্রাম করতে হয়েছিল আল জাজিরাকে। ছবি রয়টার্স।

আল জাজিরা আরব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল। এর কারণ সম্ভবত ভিন্নমতের প্রতি সৌদি আরব সরকারের অসহিষ্ণুতা। কাতারের দেওয়া অর্থে চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছিল। শুরুর দিনগুলোতে ভালো কর্মীর জন্য সংগ্রাম করতে হয়েছিল আল জাজিরাকে।

ওই সময় আরব বিশ্বে বিবিসির আরবিভাষী চ্যানেল ছিল জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু বিবিসির সত্যভাষণ পছন্দ হয়নি সৌদি আরবের। সৌদি স্যাটেলাইটের দাপটে বিবিসি তাদের আরবিভাষী চ্যানেলটি বন্ধ করে দেয়। হঠাৎ করেই বিবিসির কয়েক ডজন সাংবাদিক বেকার হয়ে যান। আর ওই সাংবাদিকদের নিয়ে নেয় আল জাজিরা। ১৯৯৬ সালে যখন চ্যানেলটি সম্প্রচার শুরু করে, তখন সেটির শীর্ষ পর্যায়ে ছিলেন বিবিসির মানের বেশ কয়েকজন সাংবাদিক।

এখন সৌদি আরবের তোপের মুখে রয়েছে আল জাজিরা। গত মাসে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। পরে লিবিয়া, ইয়েমেন ও মালদ্বীপও কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সন্ত্রাসে অর্থায়ন ও ইরানের সঙ্গে দহরম-মহরমের অভিযোগ তুলে কাতারের ওপর কঠোর অবরোধ আরোপ করে সৌদি আরবসহ সাত দেশ। দোহার ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার শর্ত হিসেবে সম্প্রতি ১৩ দফা শর্তবিশিষ্ট তালিকা পাঠায় এই দেশগুলো। এর মধ্যে আল জাজিরার সম্প্রচার বন্ধের শর্তও রয়েছে।

কাতার অবশ্য সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে। পাঠানো শর্তের তালিকা ‘যৌক্তিক বা গ্রহণযোগ্য’ নয় বলে মন্তব্য করেছে দেশটি। তবে সৌদি আরবসহ মিসর ও সংযুক্ত আরব আমিরাতের মূল বিরক্তির জায়গা আল জাজিরা। কাতার এই টেলিভিশন নেটওয়ার্কটির মাধ্যমে পুরো আরব অঞ্চলে যেভাবে প্রভাব বিস্তার করছিল, সেটিই তাদের উদ্বিগ্ন করে তুলেছিল। তারা এটিকে প্রোপাগান্ডা চালানোর একটি যন্ত্র বলে মনে করে, যেটি নিজেদের দৃষ্টিভঙ্গি প্রচারের চেষ্টা করছে।

কাতারের ওপর শর্ত আরোপকারী বেশ কিছু দেশ এরই মধ্যে আল জাজিরাকে নিষিদ্ধ করে দিয়েছে এবং এর ওয়েবসাইটকেও ব্লক করে দিয়েছে। যারা চ্যানেলটিকে ‘অনন্য’ বলে মনে করত, তারাও এখন এর ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখাচ্ছে। অন্যান্য চ্যানেলগুলো যেখানে রাষ্ট্র অনুমোদিত খবর প্রচার করে, সেখানে আল জাজিরা একটি স্বাধীন সংবাদমাধ্যম হিসেবে কাজ করে। অন্তত সাম্প্রতিক ক্রিয়া-প্রতিক্রিয়ার আগে এটিই করত।

প্রথম দিকে চ্যানেলটি নির্ভীক প্রতিবেদন, উত্তপ্ত বিতর্ক ও আরব অঞ্চলের স্বৈরাচারী শাসকদের বিষয়ে ঢালাও আলোচনা করে অন্যদের থেকে নিজেদের আলাদা করেছিল। অবশ্য এসবের মাধ্যমে চ্যানেলটি কাতারের মালিকদের সুরক্ষা দেওয়ার কাজও করছিল। তারা সাদ্দাম হোসেনকে ‘স্বৈরাচারী’ হিসেবে অভিহিত করেছিল, আবার ইসরায়েলের বিভিন্ন খবরও সম্প্রচার করত। এটি বিদ্রোহী গোষ্ঠী, ইসলামপন্থী ও আরব জাতীয়তাবাদীদের একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছিল। চ্যানেলটির দাবি, ‘যাদের কণ্ঠরোধ করা হচ্ছিল, তাদের কণ্ঠে’ পরিণত হয়েছিল তারা। ওই সময়ে আরব অঞ্চলের শাসকদের ‘সেন্সর’ করার ক্ষমতা নিয়ে যখন অসন্তোষ হচ্ছিল, তখন পুরস্কারও জিতেছে আল জাজিরা। অথচ ওই অঞ্চলের বিভিন্ন দেশ থেকে বের করে দেওয়া হচ্ছিল চ্যানেলটিকে।

আল জাজিরা কিন্তু মৌলবাদী দৃষ্টিভঙ্গিকে স্বাগতও জানিয়েছে। ওসামা বিন লাদেন থেকে শুরু করে বিতর্কিত ধর্মবিষয়ক তাত্ত্বিক ইউসুফ আল-কারাদাবির বক্তব্য প্রচার করেছিল চ্যানেলটি। কারাদাবি তো টক শোয়ে নিয়মিত অংশ নিয়েছেন। চারজন ইসরায়েলি নাগরিককে হত্যা করা এক ব্যক্তির জন্মদিন নিয়েও সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করেছিল চ্যানেলটি। বৈরুতে থাকা আল জাজিরার ব্যুরো প্রধান ওই অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন। যুদ্ধ নিয়ে যেসব প্রতিবেদন চ্যানেলটি প্রচার করেছিল, তা ছিল অনেকটা আগুনে ফুঁ দেওয়ার মতো। পশ্চিমা বিশ্বের অনেকেই আল জাজিরার ইংরেজি সংস্করণকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে মনে করতেন। তবে আল জাজিরা অ্যারাবিক ভিন্ন প্রকৃতির। থিংক ট্যাংক হিসেবে কাজ করা আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের হুসেইন ইবিশ বলেন, ‘এটি সহিংসতার খবর এমনভাবে প্রচার করত, যাতে মনে হতো তারা এর প্রতি ব্যাপকভাবে আকৃষ্ট।’

২০১১ সালে আরব বসন্তের সময় আল জাজিরা বেশ প্রতিষ্ঠিত একটি সংবাদমাধ্যম ছিল। আরব বসন্ত ঘিরে চ্যানেলটির সংবাদ পরিবেশনের ধরন একটি সন্ধিক্ষণের সৃষ্টি করে। প্রতিবাদ-বিক্ষোভের সরাসরি সম্প্রচার শুরু করে চ্যানেলটি। ওই সময় এটি ছিল এসব তথ্যের একটি প্রাথমিক ও গুরুত্বপূর্ণ উৎস। মিসরে ‘বিপ্লবের’ সময় আল জাজিরার ওয়েবসাইটে ঢোকার পরিমাণ বা ট্রাফিক বেড়ে গিয়েছিল প্রায় ২ হাজার ৫০০ শতাংশ! ওই সময় কায়রোতে থাকা চ্যানেলটির অফিসে লুটতরাজ চালিয়েছিল সরকারি বাহিনী। আর তাহরির স্কয়ারে শোনা যাচ্ছিল ‘লং লিভ আল জাজিরা’ স্লোগান।

কাতারের প্রতিবেশী দেশগুলো ওই সময় আশঙ্কা করছিল, আরব বসন্ত পারস্য উপসাগরেও ছড়িয়ে পড়তে পারে। তখন মিসরে ক্ষমতায় আসে মুসলিম ব্রাদারহুড। অন্যদিকে আল জাজিরায় প্রচারিত সংবাদের মধ্যে জনপ্রিয় ছিল ইসলামপন্থীদের বিজয়োল্লাস। উপসাগরীয় শাসকেরা এই গোষ্ঠীটিকে হুমকি বলে মনে করছিল।

আল জাজিরার সমালোচনা করে তখন বলা হচ্ছিল, এটি কাতারের শাসকগোষ্ঠীর দৃষ্টিভঙ্গিকেই প্রচার করে। চ্যানেলটির একজন সাবেক প্রতিবেদক আকথাম সুলিমান ২০১২ সালে বলেছিলেন, ‘চ্যানেলটি সাংবাদিকতার দৃষ্টিভঙ্গিতে নয়, বরং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্বার্থের ভিত্তিতে গুরুত্বের বিষয় ঠিক করে।’

এত কিছুর পরও আল জাজিরা কিন্তু তার ভূমিকা পরিবর্তন করেনি। গত এপ্রিলে যখন সৌদি আরবের ১২ জন সেনা ইয়েমেনে নিহত হন, তখন চ্যানেলটি তাঁদের ‘শহীদ’ তকমা দেয়নি। এতে বেশ খেপে যায় রিয়াদ। ২০১৩ সালে মিসরে যখন মুসলিম ব্রাদারহুডের সরকারকে সরিয়ে দেওয়া হয়, তখন তাকে ‘অভ্যুত্থান’ হিসেবে প্রচার করেছিল চ্যানেলটি। এতে মিসরের তৎকালীন সরকারও বেশ অসন্তুষ্ট হয়। সিরিয়ায় আল-কায়েদা সমর্থিত সংগঠন জাবহাত আল-নুসরাও অনেকটা ইতিবাচকভাবে প্রচার পেয়েছে আল জাজিরায়।

ইয়েমেনে হওয়া সংঘর্ষে সৌদি নেতৃত্বাধীন জোট থেকে কাতারকে বিতাড়নের পর এই চ্যানেলটির ভূমিকাতেও পরিবর্তন আসে। এখন আল জাজিরা বেসামরিক ব্যক্তিদের ওপর বোমা হামলা ও যুদ্ধের কারণে মহামারিতে পরিণত হওয়া কলেরা রোগের খবর গুরুত্ব দিয়ে প্রচার করছে। গত ১৬ জুন সম্প্রচারিত প্রতিবেদনে চ্যানেলটির এক প্রতিবেদক বলেছেন, ‘এটি প্রমাণিত হয়েছে যে সৌদি জোটের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।’

হয়তো আল জাজিরা বর্তমান সংকট থেকে একসময় মুক্তি পাবে। তবে তার জন্য হয়তো চ্যানেলটির দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে কাতার সরকারকে বাধ্যতামূলক কিছু পদক্ষেপ নিতে হবে।

ভাষান্তর: অর্ণব সান্যাল