কোন দেশের কী অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। সৌদি আরবে প্রখ্যাত শিয়া নেতা শেখ নিমর আল-নিমরসহ ৪৭ জনকে সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় এই উত্তেজনা শুরু। এরপর তেহরানে সৌদি দূতাবাসে ইরানিদের হামলার ঘটনার পর ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।
সুন্নিপন্থী সৌদি আরবের পথ অনুসরণ করে কিছু দেশ শিয়াপন্থী ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন বা অবনমন করেছে। কেউ কেউ ইরানের পক্ষে দাঁড়িয়েছেন। অন্যদের কাছ থেকে এসেছে সতর্ক প্রতিক্রিয়া। সংক্ষেপে জেনে নেওয়া যাক দেশগুলোর অবস্থান:

সৌদি আরবের পক্ষে যারা:
বাহরাইন: সৌদি উপকূলে অবস্থিত ছোট্ট দেশটিতে শিয়ারা সংখ্যাগরিষ্ঠ হলেও শাসকগোষ্ঠী সুন্নিপন্থী, যারা সৌদি আরবের সমর্থনের ছায়াতলে থাকে। সৌদি আরবের পথ ধরে বাহরাইনই প্রথম ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরকে জায়গা দেওয়া দেশটির কর্মকর্তারা বরাবরই অভিযোগ করে আসছেন, ইরান সে দেশে চোরাই পথে অস্ত্র পাচার ও যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
সুদান: আফ্রিকার এই দেশটিও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। ইরানি কূটনীতিকদের সুদান ছাড়তে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত: তেলসমৃদ্ধ এই দেশটি বলেছে, তারা ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন করবে। এরই মধ্যে তারা তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফিরিয়ে এনেছে। পাশাপাশি আমিরাতে ইরানের কূটনীতিকের সংখ্যা কমাতে বলা হয়েছে। মূলত দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করেনি আমিরাত।
কুয়েত: কুয়েতও তার রাষ্ট্রদূতকে তেহরান থেকে ফিরিয়ে আনছে। তবে কুয়েত-ইরান সম্পর্কে কেমন প্রভাব পড়বে, তা এখনো পরিষ্কার নয়। কুয়েতে শিয়া ও সুন্নি উভয়ের আবাসস্থল। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েতেই সবচেয়ে উন্মুক্ত রাজনৈতিক ব্যবস্থা রয়েছে।

মধ্যস্থতা করছে যারা:
ওমান: ইরানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ওমান সুলতানাতের। সাম্প্রতিক সময়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানিদের গোপন আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দেশটি। ওই আলোচনার পরই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির যুগান্তকারী পারমাণবিক চুক্তি স্বাক্ষর ত্বরান্বিত হয়।

ইরানের পক্ষে যারা:
লেবাননের হিজবুল্লাহ: ইরানের প্রভাবশালী রেভ্যুলশনারি গার্ডসের সহায়তায় ১৯৮২ সালে গঠিত হয় হিজবুল্লাহ। ইসরায়েলিরা লেবাননে আক্রমণ করার পর ওই পদক্ষেপ নেয় ইরান। এই অঞ্চলে ইরান-সমর্থিত প্রধান যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ।
সিরিয়া: সেই আশির দশক থেকেই সিরিয়ার প্রধান সমর্থক দেশগুলোর একটি ইরান। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পাশে দাঁড়িয়েছে তেহরান। অন্যদিকে, বাশারকে যারা উৎখাতের লড়াইয়ে অবতীর্ণ, তাদের সবচেয়ে বড় সমর্থক দেশগুলোর একটি সৌদি আরব।

আঞ্চলিক অন্য দেশগুলোর অবস্থান:
ইসরায়েল: ইসরায়েল তার জন্য ইরানকেই সবচেয়ে বড় আঞ্চলিক হুমকি মনে করে। তেহরানের পারমাণবিক কর্মসূচি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে উদ্বিগ্ন তেল আবিব। এ ছাড়া ইসরায়েলবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেয় ইরান। তেহরান অনেকবার হুমকি দিয়েছে, তারা ইসরায়েলকে ধ্বংস করে ফেলবে।
ফিলিস্তিন: শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তারা সৌদি আরবের সন্ত্রাসবিরোধী লড়াইয়ের পক্ষে রয়েছে। আরব বিশ্বে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সবচেয়ে বড় দাতা সৌদিরা। বছরে তারা সৌদির কাছ থেকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার পায়। ফিলিস্তিনের গাজা উপত্যকাভিত্তিক সংগঠন হামাসকে সমর্থন দেওয়ায় তেহরানের প্রতি ক্ষুব্ধ ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
ইয়েমেন: আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশটি গৃহযুদ্ধপীড়িত। দেশটির রাজধানী সানা গত বছর দখল করে নেয় শিয়াপন্থী হুতিরা, যাদের প্রতি ইরানের সমর্থন রয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনর্বহাল করতে হুতিদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছে যারা:
জাতিসংঘ: জাতিসংঘের মহাসচিব বান কি মুন উত্তেজনা এড়াতে সৌদি আরব ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। সিরিয়া ও ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহায়তা করতেও তেহরান ও রিয়াদের সহায়তা চান তিনি।
ইউরোপীয় ইউনিয়ন: ২৮টি দেশের এই জোট মৃত্যুদণ্ডের বিরোধী। নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করায় সৌদি আরবের সমালোচনা করে তারা। নিমরের ঘটনা নিয়ে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ইইউর পররাষ্ট্রনীতি প্রধান সৌদি আরব ও ইরানের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছে।
যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস রিয়াদ ও তেহরানকে সতর্ক করে দিয়ে বলেছে, এই উত্তেজনা যেন সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানের প্রচেষ্টাকে বিপথগামী না করে। ওবামা প্রশাসন ইরান পারমাণবিক চুক্তিও এগিয়ে নিতে চায়।
সূত্র: আল জাজিরা