ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে তুরস্কে যাওয়া ইরাকি কুর্দি যোদ্ধাদের একটি অগ্রবর্তী দল গতকাল বৃহস্পতিবার সিরিয়ার কোবানিতে পৌঁছেছে। স্থল ও আকাশপথে গত বুধবার তুরস্কে পৌঁছানো ওই যোদ্ধাদের বাকিরা তুর্কি সীমান্তে অপেক্ষা করছে। খবর এএফপি ও রয়টার্সের।
ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দেড় মাস ধরে তুর্কি সীমান্তবর্তী কোবানি শহরের দখল নেওয়ার চেষ্টা করছে। সিরিয়ার কুর্দি যোদ্ধারা মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের বিমান হামলার সহায়তা নিয়ে শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। কোবানির পতন ঠেকাতে সম্প্রতি সেখানে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি এলাকার বাহিনী পেশমেরগার যোদ্ধাদের যাওয়ার অনুমতি দেয় তুরস্ক। এরপর পেশমেরগা বাহিনীর একটি দল আকাশপথে ও অন্যটি স্থলপথে বুধবার সিরিয়ায় পৌঁছায়।
১৫০ জনের গণকবর: ইরাকে আইএস জঙ্গিদের হাতে নিহত সুন্নি একটি গোষ্ঠীর ১৫০ জনের গণকবরের সন্ধান পাওয়া গেছে। গতকাল ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা গণকবর পাওয়ার কথা জানান। এই গোষ্ঠী আইএসের বিরুদ্ধে যুদ্ধ করে।