কোবানিতে ৫২ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার কোবানি শহরে রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ৫০ জন সদস্য নিহত হয়েছে। বোমা বিস্ফোরণ, বিমান হামলা ও কুর্দি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তারা নিহত হয়। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। খবর এএফপি ও বিবিসির।
তুরস্ক সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ কোবানি শহরে গত সেপ্টেম্বরে লড়াই শুরুর পর থেকে মাত্র এক দিনে এত বেশি জঙ্গি নিহত হওয়ার ঘটনা এটিই প্রথম।
শনিবার মধ্যরাতের আগে থেকে সিরিয়ার রাকা শহরের আশপাশে আইএসের অন্তত ৩০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। তবে এ হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
কোবানি শহরে শনিবার প্রথম দফা গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয় তুরস্কের সীমান্ত পথের কাছে। শহরটিতে পরে আরও তিনটি আত্মঘাতী হামলা চালানো হয়। এর মধ্যে দুটি ছিল গাড়িবোমা হামলা। এসব হামলায় অন্তত ২৫ জন নিহত হয়। তাদের বেশির ভাগই আইএস জঙ্গি। গত সেপ্টেম্বর থেকে কোবানি শহরে লড়াই চলছে। কুর্দি যোদ্ধারা প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে। এ সময়ের মধ্যে শহরটির দুই লাখ বাসিন্দা পালিয়ে তুরস্ক চলে গেছে।
আইএস জঙ্গিরা একটি খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। তারা গত কয়েক মাসে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করেছে।
সিরিয়ান অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন, আইএসের বড় ঘাঁটি রাকা শহরে চালানো বিমান হামলায় নিশ্চয় অনেক লোক হতাহত হয়েছে। কিন্তু তাৎক্ষণিকভাবে এ সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
মার্কিন নেতৃত্বাধীন জোট ২৩ সেপ্টেম্বর থেকে সিরিয়া ও ইরাকে আইএস জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এসব হামলায় এ পর্যন্ত অন্তত ৯৬৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৮৩৮ জন আইএস জঙ্গি ও ৭২ জন আল-কায়েদার ঘনিষ্ঠ আল-নুসরা ফ্রন্টের সদস্য। এ ছাড়া অন্তত ৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
শনিবার রাকা শহরে সিরিয়ার বিমানবাহিনীও হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। গত বুধবারও প্রেসিডেন্ট বাশারের অনুগত বাহিনীর হামলায় অন্তত ৯৫ জন নিহত হয়। তাদের বেশির ভাগই ছিল বেসামরিক নাগরিক।