কোবানির বেশির ভাগ এলাকা থেকে বিতাড়িত আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুদ্ধবিমানগুলোর গত দুদিনের টানা বোমাবর্ষণের সুযোগ নিয়ে সিরীয় শহর কোবানির বেশির ভাগ এলাকা থেকে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের বিতাড়িত করা হয়েছে বলে দাবি করেছেন কুর্দি মিলিশিয়াদের একজন কমান্ডার। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত সপ্তাহে বলেছিলেন, আইএস যোদ্ধারা কুর্দি-অধ্যুষিত শহরটি দখল করে নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
কোবানির অনেক ভেতরের একটি এলাকা আইএস দখল করে নেওয়ার পর শহরটির পতনের আশঙ্কা তৈরি হয়েছিল। শহরটি রক্ষার দায়িত্বে থাকা কুর্দি মিলিশিয়ারা অস্ত্রশস্ত্রের দিক দিয়ে জঙ্গিদের সঙ্গে পেরে উঠছিল না। তবে গত বুধবার থেকে ওই শহরের আশপাশে আইএসের অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিমান হামলা নাটকীয়ভাবে বৃদ্ধি করা হয়।
কুর্দি মিলিশিয়াদের একজন কমান্ডার বাহরাইন কান্দাল দাবি করেন, আইএস জঙ্গিদের প্রায় সব এলাকা থেকেই হটিয়ে দেওয়া হয়েছে। জঙ্গিরা বর্তমানে কেবল পূর্ব দিকের দুটি এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ইরাকের বিমানবাহিনীর কয়েকজন সাবেক পাইলট আইএসে যোগ দিয়েছেন। তাঁরা জঙ্গিগোষ্ঠীর হাতে জব্দ হওয়া তিনটি যুদ্ধবিমান দিয়ে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছেন।
আইএসকে রুখতে মার্কিন পদক্ষেপকে ‘অকার্যকর’ আখ্যা দিয়েছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিশামুদ্দিন হুসেইন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় জঙ্গিদের রুখতে আঞ্চলিক সহযোগিতারও আহ্বান জানান তিনি।