কোয়েটায় হামলাকারীরা আফগানিস্তান থেকে গিয়েছিল?
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ হামলা চালানো জঙ্গিরা প্রতিবেশী আফগানিস্তান থেকে আসে। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা এ কথা বলেছেন।
শীর্ষ পর্যায়ের এক বৈঠকে কর্মকর্তারা বলেছেন, পুলিশ একাডেমিতে যারা হামলা চালিয়েছে, তারা আফগানিস্তান থেকে এসেছে। সে দেশে থাকা হোতাদের সঙ্গে হামলাকারীদের যোগাযোগও ছিল। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, আফগানিস্তানের সঙ্গে আলোচনায় এ বিষয়টি তিনি তুলবেন।
কোয়েটার একটি পুলিশ একাডেমিতে গত সোমবার গভীর রাতে জঙ্গি হামলা হয়। ওই হামলায় নিহত হয় অন্তত ৬১ জন। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন প্রশিক্ষণার্থী পুলিশ।
হামলার পরিপ্রেক্ষিতে পরের দিন মঙ্গলবার কোয়েটায় ছুটে যান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান, সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফসহ সরকার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্র বলছে, পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে একটি বৈঠক করেন। সেখানে এ রক্তক্ষয়ী হামলা ও কোয়েটার নিরাপত্তার বিষয়টি আলোচিত হয়। বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র আরও জানায়, কোয়েটার নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের ব্যর্থতায় বৈঠকে উদ্বেগ জানান প্রধানমন্ত্রী। কর্মকর্তারা নওয়াজ শরিফকে পুলিশ একাডেমিতে হামলার বিষয়ে বিশদ তথ্য জানান। তাঁরা বলেন, সম্ভাব্য হামলার বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও সেখানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি।