কোথায় পালাল ১০০ ভিয়েতনামি বউ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দরিদ্র এক গ্রামের যুবকদের বিয়ে করে পালিয়ে যাওয়া ভিয়েতনামের শতাধিক বউয়ের সন্ধান করছে চীনের পুলিশ। এরা সংঘবদ্ধ চক্রের সদস্য হতে পারে বলে পুলিশ ধারণা করছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।

চায়না ডেইলির খবরে জানানো হয়, হেবেই প্রদেশের কুজহোতে উ মেইয়ো নামের এক ভিয়েতনামি বউ আছেন। তিনি সেখানে প্রায় ২০ বছর ধরে বাস করছেন। তাঁর মাধ্যমেই চীনের অবিবাহিত এই যুবকদের সঙ্গে ভিয়েতনামের অবিবাহিত তরুণীদের পরিচয় হয়। দুই পক্ষের মধ্যে এই মধ্যস্থতার জন্য তিনি ১৬ হাজার ডলারের বেশি পরিমাণ অর্থ পেয়েছেন।

রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকায় নাম প্রকাশ না করে এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, সংঘবদ্ধ চক্র এই নিখোঁজের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আধুনিক এই যোগাযোগ প্রযুক্তির জমানায় পরস্পরের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট একটি সময়ে কোথাও চলে যাওয়াটা কঠিন কিছু না।

এক সন্তাননীতির কারণে চীনে নারী-পুরুষের সংখ্যায় ভারসাম্যহীনতা চরম আকার ধারণ করেছে। বিয়ের সময় বিষয়টি প্রকট আকার ধারণ করে। এ কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ থেকে বউ হিসেবে নারীকে কেনা-বেচার ঘটনা ঘটে থাকে।

সরকারি হিসাব অনুযায়ী, চীনে ১০০ নারীর বিপরীতে পুরুষের সংখ্যা ১১৮।

এ কারণে বিয়ের জন্য পাত্র-পাত্রী জোগাড়ের ক্ষেত্রে মানব পাচারের রাস্তা তৈরি হয় চীনে।