কোবানি থেকে পিছু হটছে আইএস যোদ্ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর অব্যাহত বিমান হামলায় সিরিয়ার কুর্দি-অধ্যুষিত শহর কোবানি থেকে পিছু হটতে শুরু করেছে ইসলামিক স্টেটের (আইএস) গেরিলারা। গতকাল বুধবার হামলা জোরদার করা হয়। তুমুল এই লড়াইয়ে কুর্দিরাও শামিল হয়। খবর বিবিসি ও রয়টার্সের।
তিন সপ্তাহের লড়াইয়ে সিরিয়া ও তুরস্কের সীমান্তে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কোবানির উল্লেখযোগ্য অংশ দখল করে ফেলে আইএস গেরিলারা। এতে এক লাখ ৮০ হাজার মানুষ শহরটি ছেড়ে তুরস্কে চলে যেতে বাধ্য হয়। এর বেশির ভাগই কুর্দি সম্প্রদায়ের। কোবানির নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ে এ পর্যন্ত ৪০০ লোক প্রাণ হারিয়েছে।
গত মঙ্গলবার কোবানির পূর্ব প্রান্তে আইএস গেরিলারা তাদের কালো পতাকা ওঠায়। এর পর থেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর হামলা ব্যাপক মাত্রায় শুরু হয়।
আইএস কোবানিকে পুরো দখলে নিতে পারলে সিরিয়া-তুরস্ক সীমান্তের বিরাট অংশ তাদের হাতে চলে যেত। এই সীমান্ত পথেই মূলত বিদেশি যোদ্ধারা সিরিয়ায় যায়। আবার এই সীমান্ত দিয়েই আইএস তাদের দখলে নেওয়া তেলক্ষেত্র থেকে তেল পাচার করে।
কোবানিতে গতকাল বিস্তীর্ণ এলাকাজুড়ে গোলাগুলির শব্দ শোনা গেছে। সিরিয়ার কুর্দিরা বলছে, গত মঙ্গলবারের সমন্বিত আক্রমণে আইএসের বেশ কিছু যান ও ট্যাংক ধ্বংস হয়। এটা খুবই কার্যকর হামলা ছিল। তবে আরও আগে এটা দরকার ছিল। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আইএস গেরিলারা এখন কোবানির বাইরে চলে গেছে।
সিরিয়ান কুর্দিশ ডেমোক্রেটিক ইউনিটি পার্টির (পিওয়াইডি) নেতা সালিহ মুসলিম বলেছেন, দলটির সশস্ত্র সংগঠন পপুলার প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) কর্মীরা খুব চাপে আছে। সাধারণ মানুষদের রক্ষার জন্য ওয়াইপিজির সদস্যরা চেষ্টা করছে। আইএসের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ চলছে।
নিউইয়র্কে জাতিসংঘের সিরিয়াবিষয়ক বিশেষ দূত স্টেফান ডি মিসটুরা বলেন, সিরিয়ার কুর্দিরা প্রচণ্ড সাহসের সঙ্গে কোবানি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাদের পর্যাপ্ত সহযোগিতা দেওয়া।
প্রতিরক্ষা বিষয়ে বিশেষজ্ঞরা বলে আসছেন, কেবল বিমান হামলা করে কোবানিকে উদ্ধার করা যাবে না। কোবানির তুরস্কে সীমান্তে সার করে রাখা ট্যাংক চলমান লড়াইয়ে অংশ নেয়নি। এই পরিস্থিতি কেবল ওয়াশিংটনকে নয়, তুরস্কের কুর্দিদেরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ কুর্দিরা তুরস্কজুড়ে বিক্ষোভের আয়োজন করে।
কোবানিতে আইএসের বিরুদ্ধে লড়াইরত কুর্দি যোদ্ধাদের সহযোগিতা দেওয়ার জন্য তুরস্ক সরকারের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে সে দেশের কুর্দিরা। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ক সরকারের ‘অপর্যাপ্ত সামরিক সহযোগিতার’ প্রতিবাদ জানাতে মঙ্গলবার তুরস্কজুড়ে ব্যাপক সহিংস বিক্ষোভ করে কুর্দিরা। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ জন নিহত হয়। বিক্ষোভ দমনে তুরস্কের পাঁচটি প্রাদেশিক শহরে সান্ধ্য আইন জারি করা হয়।
সিরিয়ার সঙ্গে বিস্তীর্ণ সীমান্ত আইএস গেরিলাদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পরও তুরস্ক আইএসের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে রাজি হচ্ছে না। মঙ্গলবারও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান অভিযানে অংশ নিতে একগুচ্ছ শর্ত তুলে ধরেন। তুরস্কের সিরিয়াসংলগ্ন সীমান্তকে ‘উড্ডয়ন নিষিদ্ধ’ এলাকা ঘোষণা, সিরিয়া থেকে আসা প্রায় ১২ লাখ উদ্বাস্তুকে ফিরিয়ে নেওয়ার দাবি আছে ওই শর্তমালায়।