কোবানিতে আবার আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার কুর্দি অধ্যুষিত কোবানি শহরে গত বুধবার রাতে পুনঃপ্রবেশ করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা। এতে তুরস্ক সীমান্তবর্তী শহরটিতে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। দেশটির কুর্দি অধ্যুষিত আরেক শহর হাসাকাসহ আরও অন্তত তিনটি এলাকায় লড়াই শুরু হয়েছে। এতে বহু লোকের হতাহতের খবর পাওয়া গেছে। খবর আল-জাজিরা, বিবিসি ও গার্ডিয়ানের।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কুর্দি ও সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির উর্দি পরে তিনটি পথে কোবানিতে প্রবেশ করে আইএস জঙ্গিরা। এরপর সেখানে তাদের একটি গাড়িবোমা হামলায় অন্তত আটজন নিহত হয়। জঙ্গিরা শহরটির ভেতরের বেশ কয়েকটি স্থানে অবস্থান নেয়। তাদের মধ্যে কয়েকজন বিস্ফোরক বেল্ট ব্যবহার করে নিজেদের উড়িয়ে দেয়। জঙ্গিরা অন্তত ২০ কুর্দি গ্রামবাসীকে হত্যা করে।
প্রতিবেশী জর্ডানের আম্মানে অবস্থানরত একজন সাংবাদিক বলেন, কোবানিতে প্রবেশের পর আইএস জঙ্গিদের মধ্যে বেশ কয়েকজন আত্মঘাতী হামলা চালায়। এতে ‘প্রচুর সংখ্যক’ মানুষ হতাহত হয়েছে। সেখানে গতকাল বৃহস্পতিবার সকালেও কুর্দি মিলিশিয়াদের সঙ্গে জঙ্গিদের প্রচণ্ড সংঘর্ষ অব্যাহত ছিল।
টানা চার মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর গত জানুয়ারি মাসে কোবানি থেকে আইএসকে হটিয়ে দিতে সক্ষম হয় কুর্দি যোদ্ধারা। গতকাল আইএসের সদস্যরা যে এলাকাগুলোতে অবস্থান নিয়েছে, সেদিকে আরও যোদ্ধা পাঠাতে শুরু করেছে তারা। আইএসের এই পুনঃপ্রবেশের ঘটনায় তুরস্ককে দায়ী করছেন কুর্দি মানবাধিকারকর্মীরা। তাঁরা টুইটারে বলেছেন, তুরস্কের কর্তৃপক্ষই তাদের সীমান্ত হয়ে কোবানিতে আক্রমণ করার সুযোগ করে দিয়েছে জঙ্গিদের।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার ও পর্যবেক্ষণ সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান বলেন, তুরস্ক সীমান্ত ক্রসিংয়ের কাছে একটি গাড়িবোমা হামলার মাধ্যমে আক্রমণ শুরু করে জঙ্গিরা। এরপর কোবানির কেন্দ্রস্থলে প্রচণ্ড সংঘর্ষ শুরু হয়।
কোবানিতে সর্বশেষ এই লড়াইয়ে অন্তত ৩২ ব্যক্তির প্রাণহানির পাশাপাশি ৭০ জন আহত হওয়ার খবর মিলেছে।
গত বছরের সেপ্টেম্বরে আইএস জঙ্গিরা কোবানিতে আক্রমণ শুরু করার পর সেখানে মানবিক বিপর্যয় শুরু হয়। সেখানকার এক লাখের বেশি কুর্দি প্রাণ বাঁচাতে প্রতিবেশী তুরস্কে পালিয়ে যায়। পরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের বিমান হামলার সুযোগ নিয়ে কুর্দি যোদ্ধারা দীর্ঘ প্রচেষ্টার পর গত জানুয়ারিতে শহরটি থেকে আইএসকে হটিয়ে দিতে সক্ষম হয়। এরপর লোকজন শহরটিতে ফিরলেও সর্বশেষ এই লড়াইয়ের পর তারা আবার পালিয়ে যেতে পারে। অবশ্য কুর্দি যোদ্ধারা লোকজনকে আতঙ্কিত না হয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে বলেছে।
হাসাকাতেও আইএসের আক্রমণ: সিরিয়ার কুর্দি অধ্যুষিত আরেক শহর হাসাকায়ও আক্রমণ শুরু করেছে আইএস জঙ্গিরা। এতে সেখানে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে তাদের প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, হাসাকায় সংঘর্ষে অন্তত ৩০ জন সিরীয় সেনাসদস্য এবং ২০ আইএস জঙ্গির প্রাণহানি হয়েছে। তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, সিরিয়ার সরকারি বাহিনী ও আল-কায়দার সিরীয় শাখা আল-নুসরা ফ্রন্টের মধ্যে এই লড়াই হয়েছে।
আলেপ্পো ও দারা প্রদেশে সংঘর্ষ: পৃথকভাবে সিরিয়ার আলেপ্পো ও দারা প্রদেশেও সংঘর্ষ ছড়িয়ে পড়ার খবর মিলেছে। আলেপ্পো শহরের লেরামাউন স্কয়ার এলাকা দখলের জন্য দুই বছর ধরে লড়াই চলছিল সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে। বিদ্রোহীরা গতকাল জানিয়েছে, তারা এলাকাটি দখল করতে সক্ষম হয়েছে। আর দক্ষিণাঞ্চলীয় দারা শহরে সরকার-নিয়ন্ত্রিত বেশ কয়েকটি এলাকায় আক্রমণ চালিয়েছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর পাশাপাশি আল-নুসরা ফ্রন্ট ও অন্য ইসলামপন্থী গ্রুপগুলো। বর্তমানে শহরটির পূর্বাঞ্চলীয় অর্ধেক বিদ্রোহীদের নিয়ন্ত্রণে এবং বাকি এলাকাগুলো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
সিরিয়ায় ২০১১ সালে সশস্ত্র সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত দুই লাখের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর সঙ্গে তাঁর শাসনের বিরোধিতাকারী গ্রুপগুলোর পাশাপাশি আইএস ও আল-নুসরা ফ্রন্টের মতো জঙ্গিগোষ্ঠীগুলোর এই লড়াইয়ে এ পর্যন্ত উদ্বাস্তু হয়েছে ১১ লাখের বেশি মানুষ।