যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী জাহাজ ইউএসএস কার্ল ভিনসনের নেতৃত্বে রণতরিবহরটি কোরীয় উপদ্বীপের দিকে রওনা দিয়েছে। এমন প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেলিফোন সংলাপে এ আহ্বান জানান তিনি।
অস্ট্রেলীয় নৌবাহিনীর সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেওয়ার পর মার্কিন যুদ্ধজাহাজের বহরটি ইতিমধ্যে পশ্চিম প্রশান্ত মহাসাগরে এসে পৌঁছেছে। নিভৃতকামী কমিউনিস্ট দেশটির অব্যাহত ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র সে এলাকায় রণতরি পাঠানোর ঘোষণা দেওয়ার পর থেকেই উত্তপ্ত কোরীয় উপদ্বীপ।
গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট চিন পিং বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরিপন্থী যেকোনো পদক্ষেপের সব সময়ই বিরোধিতা করে চীন। তাই দেশটি আশা করে, এ উত্তেজনায় সংশ্লিষ্ট সব পক্ষ সংযম প্রদর্শন করবে এবং উত্তেজনা আরও বাড়ে এমন পদক্ষেপ এড়িয়ে চলবে।
ট্রাম্প গতকাল জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও টেলিফোনে কথা বলেন। পরে আবে জানান, তাঁরা বর্তমান পরিস্থিতি নিয়ে অভিমত বিনিময় করেছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলাপে ‘অব্যাহত যুদ্ধংদেহী’ আচরণের জন্য উত্তর কোরিয়ার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, দেশটির কার্যকলাপ অস্থিতিশীলতা সৃষ্টি করছে।
কার্ল ভিনসনের নেতৃত্বাধীন বহরের সঙ্গে মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র জাপানের দুটি জাহাজ। দক্ষিণ কোরিয়া বলেছে, তারাও মহড়ায় অংশ নিতে কথাবার্তা চালাচ্ছে।
এদিকে মার্কিন রণতরিবহর অগ্রসর হওয়ার ঘটনায় ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানানো অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। গতকাল এক মন্তব্য প্রতিবেদনে দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপত্র রোডং সিনমুন বলেছে, যারা পারমাণবিক যুদ্ধের পরিকল্পনা করছে, এই রণতরিবহর মোতায়েন তাদের পক্ষ থেকে চূড়ান্ত বিপজ্জনক পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের এভাবে উন্মত্ত হওয়া ঠিক হবে না। এ ছাড়া দেশটির সরকারি ওয়েবসাইটে গতকাল হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপে যুদ্ধ শুরু করলে তাদের নিশ্চিহ্ন করে ফেলা হবে।