ক্যান্ডিতে কারফিউ শিথিল

দাঙ্গাকবলিত শ্রীলঙ্কার জনপ্রিয় পর্যটননগরী ক্যান্ডিতে জারি করা কারফিউ বৃহস্পতিবার দিনের বেলায় শিথিল করা হয়। তবে পরিস্থিতি এখনো থমথমে থাকায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত আছে। বিদ্যালয়গুলো এখনো বন্ধ থাকায় আপাতত পাঠদান কার্যক্রম বন্ধ।
পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসকারা বৃহস্পতিবার জানান, দেশজুড়ে জারি করা জরুরি অবস্থার মধ্যেই গত বুধবার ক্যান্ডিতে দাঙ্গাকারীরা মাঠে নামে। ওই দিন বৌদ্ধধর্মাবলম্বী এক সিংহলির কাছে থাকা বোমা বিস্ফোরণে তিনি নিহত এবং ১১ জন আহত হওয়ার ঘটনায় বিকেলে এখানে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়। তবে ১৮ ঘণ্টা পরই কারফিউ শিথিল করা হয়েছে।
শ্রীলঙ্কায় সিংহলিরা মোট জনসংখ্যার চার-তৃতীয়াংশ এবং মুসলিমরা মাত্র ১০ শতাংশ। ক্যান্ডির মুসলিম মালিকানাধীন দোকানে সিংহলিদের খাবারে গর্ভনিরোধক কিছু মিশিয়ে দেওয়া হয়েছে-অভিযোগ তুলে গত সপ্তাহে আগুন ধরিয়ে দেওয়া হয়। সরকার বিষয়টিকে ভিত্তিহীন জানিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেয়। দাঙ্গায় এখন পর্যন্ত দুই সিংহলি ও এক মুসলিম নিহত এবং দুই শতাধিক বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, মসজিদ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্যান্ডির দাঙ্গা দেশের অন্যত্র ছড়িয়ে পড়া ঠেকাতে গত মঙ্গলবার দেশজুড়ে ১০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করে সরকার।
জরুরি অবস্থার মধ্যেই বুধবার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ক্যান্ডিতে গিয়ে বলেন, ‘যারা সমস্যা সৃষ্টি করছে, তাদের দমন করতে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরো শক্তি প্রয়োগ করতে বলেছি।’ প্রেসিডেন্টের সফরকালেও কারফিউ লঙ্ঘন করে সহিংসতা চলেছে। পরে পুলিশকে সহায়তা করার জন্য বুধবার রাতে ওই এলাকায় আরও সেনা পাঠানো হয়।
সরকার প্রথম থেকেই পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থান নেয়। আর দাঙ্গা ছড়িয়ে পড়ার ঘটনায় শ্রীলঙ্কার পার্লামেন্ট মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চায়। মুসলমানদের প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা ছড়ানো বন্ধ করতে ক্যান্ডিতে ইন্টারনেট-সুবিধা সীমিত করার পাশাপাশি ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। অবকাশযাপনের জন্য ক্যান্ডিতে থাকা পর্যটকদের পাহাড়ি এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।