দক্ষিণ কোরিয়ায় গত এপ্রিলে ফেরি ডুবে তিন শতাধিক যাত্রীর মৃত্যুর ঘটনায় বড় রকমের অবহেলার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ফেরিটির ক্যাপ্টেন লি জুন-সিওক। তাঁকে ৩৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে হত্যাকাণ্ডের অভিযোগ থেকে নিষ্কৃতি পেয়েছেন তিনি। খবর এএফপি ও রয়টার্সের।
দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝু শহরের এক আদালত গতকাল মঙ্গলবার ওই রায় ঘোষণা করেন। রায়ে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হন ফেরির প্রধান প্রকৌশলী পার্ক। তাঁকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য ১৩ জন নাবিককে দুর্ঘটনাকালে ফেরি ছেড়ে চলে যাওয়ায় ও সামুদ্রিক আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন মেয়াদে (সর্বোচ্চ ২০ বছর) কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত ১৬ এপ্রিল ৪৭৬ জন যাত্রী ও নাবিক নিয়ে দক্ষিণ কোরিয়ার উপকূলে সেওল নামের ওই ফেরি ডুবে মারা যায় ৩০০-এর বেশি যাত্রী। তাদের বেশির ভাগই ছিল স্কুলশিক্ষার্থী। দেশটির অন্যতম ভয়াবহ এই নৌদুর্ঘটনায় ১৫ নাবিককে বিচারের সম্মুখীন করা হয়। ৩৬ বছর কারাদণ্ড পাওয়া ক্যাপ্টেন লি জুন-সিওক (৬৯) তাঁদেরই একজন।
বাদীপক্ষের কৌঁসুলিরা যাত্রীদের হত্যার অভিযোগে আদালতে ক্যাপ্টেনের মৃত্যুদণ্ড চেয়েছিলেন। তবে বিচারকেরা তা থেকে তাঁকে খালাস দেন। আদালতের রায় মেনে নিয়েছেন লি।
রায়ে বিচারকেরা বলেন, মর্মান্তিক ওই দুর্ঘটনার জন্য কেবল লি একাই দায়ী নন। তা ছাড়া তাঁর অবহেলার বিষয়টিকেও উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ডের অভিযোগের সঙ্গে সম্পৃক্ত করা যায় না।