
বড়দিনে শিশুদের চমক লাগানো খুশি উপহার দিতে চান? জাপানের রাজধানী টোকিওর এক খুচরা গয়নার দোকানির কাছে যেতে পারেন। তবে এ জন্য গুনতে হবে প্রায় ২০ লাখ মার্কিন ডলার।
গিনজা তানাকা নামের ওই ব্যবসায়ী সাড়ে ছয় ফুট উঁচু একটি ক্রিসমাস ট্রি বানিয়েছেন। পুরোটাই খাঁটি সোনার তৈরি। তাক লাগানো গাছটির ওজন ১৯ কেজি। এটি বানাতে অন্তত ৩ হাজার ৯৫০ ফুট সোনার সুতো বা তার লেগেছে। তানাকা গতকাল মঙ্গলবার এএফপিকে বলেন, তারগুলো সবচেয়ে মিহি সোনা দিয়ে বানিয়েছেন তিনি। এই সোনার শুদ্ধতা ৯৯ দশমিক ৯৯৯৯ শতাংশ।
ঝলমলে ওই ক্রিসমাস ট্রি বানাতে শ্রম দিয়েছেন তানাকার নিজস্ব দোকানের কর্মীরা। এটা তিনি ১৮ লাখ ডলারের কমে বেচবেন না। ক্রেতা খুঁজে পাওয়াটা কঠিন হবে জেনেও এই চড়া দাম হেঁকেছেন তানাকা। তিনি আশা করেন, এই সোনালি গাছ প্রদর্শনীর মাধ্যমে জাপানের বিশ্বখ্যাত কারুনৈপুণ্যেরও প্রকাশ ঘটছে।
তানাকা চান, তাঁর এই প্রদর্শনীর মধ্য দিয়ে বিশ্ববাসী দেখুক জাপানিদের অসাধারণ কারিগরি কৌশল এবং কারুনৈপুণ্য। পাশাপাশি সোনার ঝলমলে সৌন্দর্যও নজর কাড়ুক সবার।