এক মাসের বেশি সময় ধরে চলা অবরোধের কারণে সৌদি আরব ও তার মিত্র আরব উপসাগরীয় দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইছে কাতার। এই ক্ষতিপূরণ প্রদানে দেশগুলোকে রাজি করানোর চেষ্টায় একটি কমিটি গঠনের কথাও ঘোষণা করেছে দেশটি।
এদিকে কাতার সংকটের সমাধানের প্রচেষ্টা হিসেবে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কুয়েত যাওয়ার কথা রয়েছে।
আল-জাজিরাসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, কাতারের রাজধানী দোহায় গত রোববার দেশটির অ্যাটর্নি জেনারেল আলি বিন ফেতাইস আল-মারি সাংবাদিকদের বলেন, অবরোধের কারণে ক্ষতির শিকার কাতার এয়ারওয়েজের মতো বৃহৎ প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি কোম্পানি ও ব্যক্তিবিশেষের ক্ষতিপূরণ দাবি নিয়ে কাজ করবে ‘কমপেনসেশন ক্লেইমস কমিটি’।
আল-মারি আরও বলেন, ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে এই কমিটি দেশীয় ও আন্তর্জাতিক পন্থা অবলম্বন করবে। তা ছাড়া কমিটি এ বিষয়ে আইনি পদক্ষেপ মোকাবিলায় বিদেশি আইনি সহায়তা প্রতিষ্ঠান ভাড়া করবে। তিনি বলেন, কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে অনেক ব্যক্তি ও ব্যবসায়ী যেমন ক্ষতির সম্মুখীন হয়েছেন, তেমনি ক্ষতির মুখে পড়েছে ব্যাংকগুলো। যাঁরা ক্ষতিপূরণ চাইবেন, তাঁদের অবশ্যই তা দিতে হবে।
আল-মারি জানান, ক্ষতিপূরণ আদায়ের এ উদ্যোগের সঙ্গে কাতার ও অবরোধ আরোপকারী ওই সব দেশের মধ্যে চলা বর্তমান সমঝোতা প্রচেষ্টার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘রাজনীতি ও আইনের মধ্যে পার্থক্য হলো, আইনের একটা ধারাবাহিকতা রয়েছে; যা রাজনীতিতে নেই। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আইনগত বিষয়ের নিষ্পত্তি ঘটে থাকে।’
সন্ত্রাসবাদে সহায়তা এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। সেই সঙ্গে দেশটির ওপর আরোপ করেছে আকাশ, নৌ ও স্থলপথে অবরোধ। দেশগুলো থেকে কাতারি নাগরিকদের চলে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। কাতারের আর্থিকসহ অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধেও তারা নিয়েছে নানা শাস্তিমূলক পদক্ষেপ।
এরপর গত ২২ জুন এসব দেশ কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা ও অবরোধ তুলে নেওয়ার শর্ত হিসেবে ১৩ দফা দাবি পেশ করে। এসব দাবির অন্যতম কাতারভিত্তিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আল-জাজিরার সম্প্রচার বন্ধ ও ইরানের সঙ্গে সম্পর্ক হ্রাস করা। দোহা এসব দাবি প্রত্যাখ্যান করেছে। এতে এ শর্তগুলো এখন আর কার্যকর নয় বলে বিবেচনা করছে এসব দেশ। তবে উপসাগরীয় দেশ কুয়েত এখনো কাতার সংকট সমাধানে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংকট নিরসনে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন সৌদি নেতৃত্বাধীন জোটের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।
প্রথম আলোর কাতার প্রতিনিধি জানান, অবরোধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষে লড়তে গঠিত কমিটির কার্যালয় গত রোববার উদ্বোধন করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাছের। দেশটির অ্যাটর্নি জেনারেল এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। পররাষ্ট্রমন্ত্রী ও বিচারমন্ত্রীও সদস্য হিসেবে রয়েছেন। কমিটি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের অভিযোগ যাচাই-বাছাইয়ের পর স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আদালতে মামলা করবে। অবরোধ তুলে নেওয়া হলেও কমিটির কার্যক্রম চলবে বলে ঘোষণা করেছে কাতার।
কাতার সংকট নিরসনে গৃহীত উদ্যোগের অংশ হিসেবে কুয়েত যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। গতকাল কুয়েত সফরের পর তাঁর কাতার ও সৌদি আরব যাওয়ার কথা। সংকট সমাধানে চতুর্থ পশ্চিমা নেতা হিসেবে টিলারসনের এ সফর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এর আগে জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সহকারী মহাসচিব কুয়েত সফর করেন।