ক্ষমতা হস্তান্তর নিয়ে এখনো সংশয় এনএলডির!
মিয়ানমারে নির্বাচনে বিপুল বিজয়ের পরও ক্ষমতা হস্তান্তর সুষ্ঠুভাবে হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। বিদায়ী পার্লামেন্টের শেষ অধিবেশনে যোগ দেওয়ার আগে গতকাল সোমবার এ সংশয় প্রকাশ করেন এনএলডির মুখপাত্র ওয়েন থিন। খবর এএফপির।
বিদায়ী পার্লামেন্টের শেষ অধিবেশনে গতকাল বিজয়ী এনএলডি এবং সেনাবাহিনী-সমর্থিত বিজিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) সদস্যরা যোগ দেন। যোগ দেন অং সান সু চিও। তবে পার্লামেন্ট শুরুর আগে তাঁর দলের মুখপাত্র ওয়েন থিন বলেন, ‘ক্ষমতা হস্তান্তর শতভাগ সুষ্ঠুভাবে হবে বলে মনে হয় না। বিজয়ের পর এ সময়টায় আমরা খুশি বটে। তবে ইতিহাস আবারও ফিরে আসতে পারে—এমন ভয় আমাদের আছে।’
ইতিহাস বলতে ওয়েন থিন ১৯৯০ সালের নির্বাচনের পরের ঘটনার দিকে ইঙ্গিত করেন। ওই নির্বাচনে এনএলডি বিপুল বিজয় পেলেও সেনাবাহিনী ফলাফল মেনে নেয়নি।
দলীয় মুখপাত্র ক্ষমতা হস্তান্তর নিয়ে সংশয় প্রকাশ করলেও সু চি গতকাল এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। পার্লামেন্ট ভবনে সু চি এসে পৌঁছানোর পর সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরেন। নির্বাচন এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলেও কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, পার্লামেন্টের এই অধিবেশন চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত। এই পার্লামেন্টের বেশির ভাগ আসন সেনা-সমর্থক বর্তমান সরকারি দল ইউএসডিপির।
এনএলডি ক্ষমতা হস্তান্তর নিয়ে সংশয় প্রকাশ করলেও গত রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন ভয় না পাওয়ার জন্য আশ্বস্ত করেছেন। আবার গতকাল পার্লামেন্টে স্পিকার শয়ে ম্যা ক্ষমতাসীন দলের সদস্যদের নিরপেক্ষ আচরণ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘আমিসহ এই পার্লামেন্টের বেশির ভাগ সদস্য গত সাধারণ নির্বাচনে হেরে গেছি। আমাদের ক্ষমতায় ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আমরা ফিরে না এলেও আইনপ্রণেতা হিসেবে আমাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’