
মিয়ানমারের বিরোধীদলীয় নেতা অং সান সু চি গতকাল মঙ্গলবার থেকে তাঁর নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন। আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় ঐতিহাসিক এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন গণতন্ত্রকামী এই নেত্রী। খবর এএফপি ও বিবিসির।
২০১১ সালে দীর্ঘ সামরিক শাসনের অবসানের পর থেকে মিয়ানমারে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন উপলক্ষে প্রচার শুরুর অংশ হিসেবে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) ফেসবুক পাতায় নেত্রীর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। সেই বার্তায় সু চি বলেন, ‘আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়া খুব জরুরি। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, এরপর ক্ষমতার পালাবদলটা সঠিকভাবে হওয়া।’
আসন্ন নির্বাচনে এনএলডিই জিতবে বলে মনে করা হচ্ছে। আর দলটি জিতলে মিয়ানমারের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই পাল্টে যাবে বলে আশা করা হচ্ছে। প্রায় অর্ধ শতাব্দী ধরে চলা সামরিক শাসনের প্রত্যক্ষ-পরোক্ষ জাঁতাকল থেকে মিয়ানমারের গণতন্ত্রকামী মানুষ অবশেষে মুক্তি পাবে। ২০১১ সাল থেকে কিছুটা হলেও সামরিক বাহিনীর কঠোর নিয়ন্ত্রণমুক্ত মিয়ানমার। এর আগে ১৯৯০ সালের নির্বাচনে বিপুল বিজয় পায় এনএলডি। তবে সামরিক জান্তা সেই ফলাফল মেনে নেয়নি।
ভিডিও বার্তায় সু চি বলেন, ‘গত কয়েক দশকের মধ্যে এই প্রথম আমাদের দেশের মানুষ প্রকৃত অর্থে একটি পরিবর্তনের সুযোগ পেয়েছে। এই বিরাট সুযোগ আমরা কখনোই ছাড়তে পারি না।’
মিয়ানমারের প্রেসিডেন্ট থেন সেইন মাস খানেক আগে পার্লামেন্টের স্পিকার শোয়ে মানকে বরখাস্ত করেন। সু চির সঙ্গে সুসম্পর্কের কারণেই তাঁকে বরখাস্ত করা হয় বলে মনে করা হয়। আর এই বরখাস্তের ঘটনায় এ শঙ্কা দেখা দিয়েছে যে নির্বাচনে বিরোধী দল বিপুল বিজয় পেলেও এবারও তাদের ক্ষমতায় যেতে দেবে না সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট বর্তমান সরকার।

দৃশ্যত সেই শঙ্কা থেকেই সু চি তাঁর ভিডিও বার্তায় বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ‘নির্বাচনের আগে, নির্বাচন চলাকালে এবং বিশেষ করে এরপর কী হয় সেদিকে আপনারা সতর্ক দৃষ্টি রাখুন।’
মিয়ানমারের বর্তমান সংবিধান অনুযায়ী এনএলডি নির্বাচনে জিতলেও দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না সু চি। আর সংবিধানে পরিবর্তন আনতে গেলেও তাতে ভেটো দেওয়ার ক্ষমতা আছে সেনাবাহিনীর। নির্বাচনে এনএলডির প্রতিপক্ষ সেনা-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। ২০১০ সালের নির্বাচনে দলটি জয় পায়। তবে সেই নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ উঠেছিল।
নির্বাচনী ইশতেহার ঠিক করা এবং প্রচারকৌশল নিয়ে গতকাল ইয়াঙ্গুনে দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন সু চি।
মুসলিম প্রার্থী নেই: গণতন্ত্র এবং অসাম্প্রদায়িকতার আদর্শের জন্য খ্যাত সু চির দলে এবার কোনো মুসলিম প্রার্থী নেই। এনএলডির ভেতরে এবং বাইরের একাধিক সূত্র নিশ্চিত করেছে, জাতীয় ও আঞ্চলিক পরিষদে যে ১ হাজার ১৫১ প্রার্থীকে দল মনোনয়ন দিয়েছে এর মধ্যে একজনও মুসলিম প্রার্থী নেই। এ বিষয়টি মিয়ানমারের মুসলিমদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।