ইরান গতকাল শনিবার তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। এ কর্মসূচিকে ঘিরে দেশটির বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপে একটি বিল যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়ার পর এর নিন্দা জানিয়ে এই অঙ্গীকার ব্যক্ত করেছে তেহরান।
ইরানের পাশাপাশি রাশিয়া ও উত্তর কোরিয়াকে নিশানা করে মার্কিন সিনেটে পাস করা বিলটি এখন আইনে পরিণত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের সই হওয়ার অপেক্ষায় রয়েছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের অনুমোদনের দুই দিন পর উচ্চকক্ষ সিনেটে গত বৃহস্পতিবার রাতে বিলটি পাস হয়েছে।
ওয়াশিংটনের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাশেমি দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বলেন, ‘আমরা আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোদমে অব্যাহত রাখব।’ তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ বৈরিতাসুলভ, নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। কার্যত এটা পরমাণু চুক্তিকে দুর্বল করার চেষ্টা।’