ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা নিশ্চিত করল উ. কোরিয়া
উত্তর কোরিয়া গতকাল সোমবার আগের দিন মধ্যবর্তী পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কথা নিশ্চিত করেছে। দেশটি বলেছে, পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এখন তারা ব্যাপক মাত্রায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে পারবে। রোববার প্রতিবেশী দক্ষিণ কোরিয়া বলেছিল, উত্তর কোরিয়া পুখুসং-২ সদৃশ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
উত্তর কোরিয়ার রোববারের মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি চলতি সপ্তাহে তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। মধ্যবর্তী পাল্লা হচ্ছে মাঝারি পাল্লা ও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের মাঝামাঝি।
নিভৃতিকামী কমিউনিস্ট দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএর খবরে শীর্ষ নেতা কিম জং উনকে উদ্ধৃত করে খবরে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রে প্রযুক্তিগত যেসব উপাদান থাকা দরকার, পুখুসং-২-তে তার সবই আছে।
কিম জং উন বলেন, ‘গর্বের সঙ্গে জানাচ্ছি যে ক্ষেপণাস্ত্রটির আঘাত করার হার প্রায় নির্ভুল এবং পুখুসং-২ সফল এক কৌশলগত অস্ত্র।’ এখন এই ক্ষেপণাস্ত্রটি ব্যাপক মাত্রায় উৎপাদন করে কোরীয় পিপলস আর্মির কৌশলগত ইউনিটে মোতায়েন করা উচিত বলে মত দিয়েছেন তিনি।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, পুখুসং-২ প্রায় ৫০০ কিলোমিটার অতিক্রম করেছে। তারা বলছে, এই পরীক্ষা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আরও ‘অর্থবহ তথ্য’ দিয়েছে।