ক্ষেপণাস্ত্র পরীক্ষায় কেন হলিউডের নায়কের মতো হাজির কিম
ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার জন্য নতুন কিছু নয়। তবে সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি ছিল অনেকটাই ভিন্ন। গত বৃহস্পতিবার সবচেয়ে বড় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। বিষয়টি গোটা বিশ্বের নজর কেড়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সংবাদ পরিবেশনের ধরনও ব্যাপক ধাঁধার সৃষ্টি করেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সংবাদ প্রচারের সময় বিজয়ী সুরের পরিবর্তে হলিউডের চলচ্চিত্রের অনুকরণ করা হয়, যেমনটা আগে কোরীয়রা দেখেননি। লেদার জ্যাকেট পরিহিত কিম জং-উন, চোখে কালো চশমা; ভিডিও ইফেক্ট আর ব্যাকগ্রাউন্ডে নাটকীয় সংগীত—সবকিছুই ছিল এতে।
উত্তর কোরিয়ার সেন্ট্রাল টেলিভিশন সাধারণত কিম পরিবারের রিপিটিভ ডায়েট (প্রতিদিন একই খাবার গ্রহণ) প্রপাগান্ডা, সামরিক বাহিনীর ব্যান্ড কনসার্ট, দেশপ্রেম নিয়ে চলচ্চিত্র আর শ্রমের গুণগান প্রচার করে থাকে। তাই এর বাইরে কিছু প্রচার করলেই তা চোখে পড়ে। এ জন্য হোয়াসং-১৭ উৎক্ষেপণ নিয়ে প্রচারিত সংবাদ ছিল অন্য রকম।
সংবাদ বুলেটিনের মাধ্যমেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি জাতিকে জানানো হয়। তবে উপস্থাপনের ধরনটি ছিল অন্য রকম। দর্শকেরা ১৫ মিনিট ধরে ভিডিও ইফেক্ট, পরিকল্পিত মঞ্চায়ন এবং কিম জং-উনের চশমা সরোনার দৃশ্য দেখেছেন। চশমা সরিয়ে যেন কিম বলছিলেন, ‘চালিয়ে যাও’।
আলোড়িত সুরমূর্ছনা ও বিজয়ী সংগীতের মাঝে জুড়ে দেওয়া হয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একাধিক দৃশ্য। সংবাদ উপস্থাপনায় ছিলেন অভিজ্ঞ সংবাদ পাঠিকা রি চুন-হি। পশ্চিমা বিশ্বে উত্তর কোরিয়ার ‘পিং লেডি’ হিসেবে পরিচিত।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তাৎক্ষণিক এমন উপস্থাপনাকে অ্যাকশন ড্রামা ‘টপ গান’, কল্পবিজ্ঞান সিরিজ ‘থান্ডারবার্ডস’এবং বলিউডের চলচ্চিত্রের সঙ্গে তুলনা করেন। পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে মিসাইল লাঞ্চারের সামনে থেকে কিম ও তাঁর জেনারেলরা যেভাবে হেঁটে আসছিলেন, ওই দৃশ্যকে কেউ কেউ ১৯৮৩ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘দ্য রাইট স্টাফ’-এর সঙ্গে তুলনা করেন।
কীভাবে দেখছেন উত্তর কোরীয়রা
উত্তর কোরিয়ার টিভি দর্শকদের জন্য এটা একেবারেই নতুন। বাইরে থেকে যদি লুকিয়ে এমন কিছু দেখানো না হয়, তবে এতে কঠিন শাস্তির মুখে পড়ার ঝুঁকি রয়েছে। কার্যত উত্তর কোরিয়ার টেলিভিশনের পর্দায় এমনটি আগে কখনো দেখা যায়নি।
মনে করা হচ্ছে, এখানে ভারসাম্যমূলক কাজ হয়েছে বলে দেশটির শক্তিশালী প্রপাগান্ডা অ্যান্ড অ্যাজিটেশন ডিপার্টমেন্ট জানত। তারা এমন একটি ভিডিও তৈরি করেছে, যা নতুন এবং দেশীয় দর্শকদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করবে। এভাবে জাতীয় গৌরব এবং কিমের ভাবমূর্তিতে শাণ দেওয়া যাবে। সম্প্রতি ওজন কমানোয় এতে কিমের আরও শক্তিশালী নতুন সার্বিক ব্যক্তিত্ব ফুটে উঠেছে।
সর্বশেষ যখন এ ধরনের কিছু করার প্রচেষ্টা চালানো হয়েছিল, সেটা থেকে এবারের দৃশ্য ধারণ অনেক আলাদা। ২০১৯ সালে পবিত্র মাউন্ট পায়েকতুতে সর্বোচ্চ নেতাকে উঠতে দেখা যায়। ওই সময় ঘোড়ার পিঠে চড়া স্থূলকায় কিমকে দৃষ্টিকটু দেখাচ্ছিল।
নতুন ভিডিও দেখার পর উত্তর কোরীয়দের প্রতিক্রিয়া কেমন হবে, তা বলা মুশকিল।
তবে সুর ও রঙের এমন আকস্মিক পরিবর্তন বুঝতে না পেরে অনেকেই দ্রুত চোখের পলক ফেলবেন। তাঁরা এমন ভিডিও ইফেক্ট দেখে অভ্যস্থ নন। আগে একটি হলিউড চলচ্চিত্র দেখেছেন, এমন ক্ষুদ্র অংশ হয়তো দ্বিধায় পড়ে যেতে পারেন। নিজেদের প্রশ্ন করতে পারেন—এটা কি ভুল ছিল, নাকি মাত্র একবারের জন্য অথবা বাস্তবে সম্ভব নয়, এমন পরিবর্তনের ইঙ্গিত? বরাবরের মতো হয়তো শিগগিরই এর উত্তর মিলবে না।
উত্তর কোরিয়ার প্রপাগান্ডার নেপথ্যে থাকা লোকজন এটাও জানতেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও দেশের বাইরেও দেখা হবে এবং এ নিয়ে আলোচনা হবে। তাই ভিডিওতে এ ধরনের ইফেক্ট ব্যবহার ও হলিউড চলচ্চিত্রের অনুকরণ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়েছে। তবে যাদের উদ্দেশে এটা করা হয়েছে, তাদের কাছে এটা নতুন কিছু নয়, হাস্যরসের বিষয়ও।
কী বার্তা রয়েছে
সর্বোপরি এটা ছিল পুরোপুরি আত্মবিশ্বাসেরই একটি প্রকাশ। রাজধানী থেকে ২৫ কিলোমিটার দূরের পিয়ংইয়ং সুনান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল। উৎক্ষেপণে যেকোনো ধরনের ব্যর্থতা হতো বিমানবন্দর এবং আশপাশের বাসিন্দাদের জন্য বিপর্যয়কর।
হোয়াসং-১৭ অস্ত্র নিয়ে কিম জং-উন খুবই গর্বিত। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বকে একটি বার্তা দিয়েছেন তিনি—প্ররোচিত করলে যেকোনো স্থানে হামলা করার সামর্থ্য আছে উত্তর কোরিয়ার। হলিউডের অনুকরণ করে এই বার্তা দেওয়া বিদ্রূপ হিসেবেও দেখে থাকতে পারে পিয়ংইয়ং।
বিদেশি সংবাদের ক্ষেত্রে পিয়ংইয়ংয়ের অব্যাহত লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার সংবাদমাধমে ইউক্রেন যুদ্ধ নিয়ে গত মাসে তেমন কিছুই বলা হয়নি। আর যখনই বলা হয়েছে, তখন এ জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়।
গত বৃহস্পতিবার পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি ছয় হাজার কিলোমিটার উচ্চতায় পৌঁছায়। উত্তর কোরিয়ার চালানো আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটা ছিল সর্বোচ্চ। এ ছাড়া আকারের দিক থেকেও এটি ছিল সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র।