ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনের সফল পরীক্ষার দাবি উ. কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া গতকাল শনিবার বলেছে, তারা আন্ত-মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) জন্য তৈরি করা একটি ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির দাবি, ওই ইঞ্জিন উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পরমাণু হামলা চালানোর ‘নিশ্চয়তা’ দেবে।
পরমাণু অস্ত্র ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্ষেত্রে উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে যেসব গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করে আসছে, এটি তার মধ্যে সাম্প্রতিকতম। তবে বিদেশি বিশেষজ্ঞরা এসব দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ওই ইঞ্জিনটি পরীক্ষার নির্দেশ দেন দেশের শীর্ষ নেতা কিম জং-উন। তিনি নিজে ওই পরীক্ষা পরিদর্শনও করেন। কিমের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘এটা বিরাট সাফল্য...যা আমাদের সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র ও অন্য শত্রু বাহিনীর ওপর ভিন্নভাবে পরমাণু হামলা চালানোর বিষয়ে দৃঢ় নিশ্চয়তা দিচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডসহ বিশ্বের যেকোনো অশুভ স্থান আমাদের আঘাত হানার সীমার মধ্যে এল।’
কিম জং-উনের নতুন যন্ত্রটি পরীক্ষা পরিদর্শন করার ছবি ছেপেছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র রোদোং সিনমুন।