কড়া নিরাপত্তায় তিউনিসিয়ায় ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব বসন্ত বিপ্লবের ‘সূতিকাগার’ হিসেবে পরিচিত তিউনিসিয়ায় বিপ্লব-পরবর্তী প্রথম পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে গতকাল রোববার। স্থানীয় সময় গতকাল সকাল সাতটায় দেশজুড়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। খবর এএফপির।
জিহাদি সংগঠনগুলোর হামলার আশঙ্কার মধ্যে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক এ নির্বাচন। এ নির্বাচনকে তিউনিসিয়ায় গণতন্ত্রে উত্তরণের জন্য বিরাট পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
চার বছর আগে তিউনিসিয়াতেই গণতন্ত্রের দাবিতে গণবিপ্লবের মাধ্যমে দীর্ঘদিনের স্বৈরশাসক বেন আলীর পতন ঘটে। এরপর আরব বিশ্বের দিকে দিকে সংস্কারের দাবিতে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে।
২১৭ আসনের পার্লামেন্টের এই নির্বাচনে ভোটারসংখ্যা প্রায় ৫০ লাখ। আগামী শুক্রবার নির্বাচনী কর্মকর্তারা ফলাফল ঘোষণা করবেন।
নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও কেন্দ্রগুলোতে অনেক ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বর্তমান প্রধানমন্ত্রী মেহদি জুমা নির্বাচনে জিহাদিদের হামলার ব্যাপারে সতর্ক করে দেন। জুমা বলেন, ‘আমরা জানি, জিহাদিরা এই নির্বাচনকে হামলার লক্ষ্যবস্তু করবে। কারণ, তারা জানে, নির্বাচন সফল হলে শুধু তিউনিসিয়ায় নয়, গোটা অঞ্চলেই তারা হুমকির মুখে পড়বে।’