পাকিস্তানের বিশেষজ্ঞদের একটি নতুন গবেষণাগ্রন্থে বলা হয়েছে, ভারতের কয়েক শ নতুন পরমাণু বোমা তৈরির সামর্থ্য আছে। তাঁদের মতে, বর্তমানে ভারতের কাছে যে পরিমাণ উপকরণ ও প্রযুক্তি আছে, তা দিয়ে ৩৫৬ থেকে ৪৯২টি নতুন পরমাণু বোমা তৈরি করা যাবে।
গবেষণায় আরও বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভারতের পরমাণু কর্মসূচি সবচেয়ে বড়, পুরোনো ও ‘অরক্ষিত’। গত সোমবার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদ (আইএসএসআই) ওই বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ভারতের অরক্ষিত পরমাণু কর্মসূচি নামের এই বই লিখেছেন পাকিস্তানের চারজন পরমাণু বিশেষজ্ঞ। তাঁরা হলেন আদিলা আজম, আহমেদ খান, মোহাম্মদ আলী ও সামীর খান। এতে প্রতিবেশী ভারতের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা নতুনভাবে মূল্যায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে বইয়ের লেখকেরা বলেন, এ গবেষণার উদ্দেশ্য হলো জটিল ও অরক্ষিত পরমাণু কর্মসূচির যেসব দিক ভারত আন্তর্জাতিক আণবিক সংস্থার নিরাপত্তা নির্দেশনা ছাড়াই গড়ে তুলেছে, সে ব্যাপারে তথ্য সরবরাহ করা। দেশটির পরমাণু কর্মসূচির প্রকৃত ইতিহাস, বিস্তৃতি ও সামর্থ্যের ব্যাপারে এ বইটি আলোকপাত করেছে।
চার লেখক আরও বলেছেন, নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের (এনএসজি) সদস্যরাষ্ট্রগুলোকে মাথায় রাখতে হবে যে, ভারতের পরমাণু অস্ত্র তৈরির সামর্থ্য দিন দিন বেড়ে চলেছে। এ গোষ্ঠীর সদস্য হওয়ার মাধ্যমে দেশটির পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি যেন আরও বড় না হয়, সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিদ এবং ফিসাইল ম্যাটেরিয়াল (পরমাণু শক্তি বা বোমায় ব্যবহার উপযোগী পদার্থ) বিষয়ক আন্তর্জাতিক প্যানেলের সদস্য এ এইচ নায়ার বলেন, ভারতের পরমাণু কর্মসূচির ইতিহাস ও দেশটির সামর্থ্যের ব্যাপারে জানার ক্ষেত্রে বইটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে। এ ছাড়া পরমাণু কর্মসূচিতে ব্যবহারের জন্য বর্তমানে ভারতের কাছে কী পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ আছে, তা নিয়েও একটি ধারণা দেবে বইটি। অবশ্য বইটির কিছু ‘ত্রুটি-বিচ্যুতির’ কথাও তিনি তুলে ধরেন।