কয়েন জমিয়ে কেনা হলো নতুন গাড়ি!

দিনের পর দিন ধরে জমেছে ৬ লাখ ৬০ হাজার কয়েন বা ধাতব মুদ্রা। আরও জমেছিল ২০ হাজার ছোট অঙ্কের কাগুজে নোট। তিলে তিলে জমে সে সঞ্চয় এতই ফুলে-ফেঁপে উঠেছে যে তা দিয়ে চকচকে নতুন গাড়িই কিনে ফেলল চীনের একটি পেট্রলপাম্পের কর্মীরা। খবর বিবিসির।
প্রতিষ্ঠানের পক্ষে এই কঠিন কাজটি করেছেন যিনি তাঁর নাম গ্যান। বাড়ি উত্তর-পূর্ব চীনে। কাজ করেন শেনিয়াং শহরের উপকণ্ঠের একটি পেট্রলপাম্পে। দৈনন্দিন ব্যবসা থেকে কয়েন ও নোটগুলো সেখানেই জমা হয়।
গ্যান বলেন, ‘আমাদের পেট্রলপাম্প শহরের উপকণ্ঠে। সেখানে হাতে গোনা কয়েকটি ব্যাংক আছে। তাই কয়েনগুলো নিয়মিত ব্যাংকে রাখা যায়নি।’
সিদ্ধান্ত অনুযায়ী, গ্যান একটি গাড়ির শোরুমে গিয়ে প্রস্তাব করেন, ছোট কাগুজে নোট আর কয়েন দিয়ে দাম শোধ করবেন। তাঁর প্রস্তাবে রাজি হন বিক্রেতা। গ্যান ট্রাকে করে বয়ে আনলেন জমানো প্রায় চার টন কয়েন। তবে গুনে যত্ন করে ছোট ছোট প্যাকেটে ভরে নেন সেগুলো।