খনিতে আটকে পড়ার ৩৫ দিন পর উদ্ধার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের শ্যানডং প্রদেশের একটি খনিতে আটকে পড়ার ৩৫ দিন পর চারজন শ্রমিককে আজ শুক্রবার উদ্ধার করা হয়েছে। গত ২৫ ডিসেম্বরে তাঁরা জিপসাম খনির একটি গুহায় আটকে পড়েন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বিবিসি অনলাইনের খবরে এসব তথ্য জানানো হয়। 

২৫ ডিসেম্বর ওই খনি ধসে ১৭ জন শ্রমিক আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে চারজনকে আগেই উদ্ধার করা হয়েছিল। একজনের নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। কিন্তু বাকিদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো অজানা।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, উদ্ধার হওয়া শ্রমিকদের অবস্থা স্বাভাবিক। তবে তাঁদের স্থানীয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
উদ্ধারকাজে চার শতাধিক উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। উদ্ধারকর্মীরা কয়েক সপ্তাহ ধরে সুড়ঙ্গপথ দিয়ে নেমে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছিলেন। এই সময়ে সরু ছিদ্র দিয়ে পানি ও তরল খাবার পৌঁছে দেওয়া হয়েছিল ওই চার শ্রমিকের কাছে।