খসড়া সংবিধানে রদবদল চেয়েছেন থাইল্যান্ডের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের কার্যালয় সামরিক জান্তার তৈরি করা খসড়া সংবিধানে রাজকীয় ক্ষমতার বিষয়ে পরিবর্তনের অনুরোধ করেছে। গতকাল মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী এ কথা জানিয়েছেন।
সামরিক জান্তার করা খসড়া সংবিধানে থাইল্যান্ডে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনার জন্য একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। গত বছর একটি গণভোটে এই খসড়া সংবিধান অনুমোদিত হয়েছিল। এটি এখন রাজার অনুমোদনের অপেক্ষায়।
প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচা বলেন, ‘(রাজার) ওই অনুরোধে রাজার রাজকীয় ক্ষমতা নিশ্চিত করার জন্য তিন-চারটি বিষয় ঠিক করতে বলা হয়েছে। তবে জনগণের অধিকার ও স্বাধীনতা-সম্পর্কিত কোনো বিষয় এতে জড়িত নেই।’
প্রধানমন্ত্রী এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি। তবে খসড়া সংবিধানে ওই সব সংশোধনী আনতে সামরিক জান্তা ও মন্ত্রিসভা রাজি হয়েছে বলে জানান তিনি।