খাবার ও অস্ত্রশস্ত্র মজুত করে জঙ্গিদের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের মারাওয়ি শহরের একাধিক অংশ অবরুদ্ধ করে জঙ্গি ইসলামপন্থীরা দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে। মাটির নিচে তাদের খাবার ও অস্ত্রশস্ত্র মজুত করার ইঙ্গিতের ভিত্তিতে দেশটির সরকারি কর্মকর্তারা এ কথা বলেছেন।
সশস্ত্র জঙ্গিরা দুই সপ্তাহ আগে মারাওয়িতে হানা দেয়। স্থানীয় নিরাপত্তা বাহিনী তখন থেকেই তাদের বিরুদ্ধে লড়াই করছে। সামরিক কর্মকর্তারা বলেন, জঙ্গিরা বিভিন্ন সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ কক্ষে লুকিয়ে আছে। সেখানে তারা খাবার ও রসদ মজুত করে রেখেছে।
ওই লড়াইয়ে এ পর্যন্ত ২০ জন বেসামরিক মানুষসহ কমপক্ষে ১৭০ জন নিহত হয়েছে। স্থানীয় অন্তত ১ লাখ ৮০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে চলে গেছে। ঘটনাস্থলে শত শত মানুষ আটকা পড়ে খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাবে চরম বিপাকে রয়েছে।
ফিলিপাইনের সরকার জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। তারা এ লড়াইয়ে সাফল্য অর্জনের দাবি করলেও মারাওয়িতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে পারেনি।
শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা বলেন, জঙ্গিরা ভূগর্ভস্থ একটি বিশেষ আশ্রয়ে লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এসব ভূগর্ভস্থ কক্ষ ও সুড়ঙ্গ বহুদিন আগের তৈরি।
সরকার ও সামরিক বাহিনীর অনুমান, মারাওয়িতে ৪০ থেকে ২০০ জন জঙ্গি ঘাপটি মেরে আছে। দৃশ্যত তারা সম্ভাব্য লড়াইয়ের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। তারা বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় অস্ত্র-সরঞ্জাম নিয়ে রেখেছে। এসব জায়গায় বিমান হামলা চালানোর সুযোগ সীমিত।