খামেনির হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার দেশটির নবনির্বাচিত আইনপ্রণেতাদের ‘পশ্চিমা ষড়যন্ত্র’ প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। গত এপ্রিল মাসে নির্বাচন শেষ হওয়ার পর গতকালই ইরানের এমপিরা তেহরানে প্রথম অধিবেশনে বসেন। অধিবেশনে পড়ে শোনানো খামেনির বাণীতে বলা হয়, ‘এ অঞ্চল ও বিশ্বের অস্থিতিশীল অবস্থা এবং নিপীড়ক ও তাদের অনুগতদের আন্তর্জাতিক খামখেয়ালিপনা ইসলামি রাষ্ট্র ইরানকে অতীতের চেয়ে জটিলতর পরিস্থিতিতে ফেলেছে।’ ইরানের ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আদর্শের প্রতি আনুগত্য প্রদর্শন ও পশ্চিমা ভাবধারার অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান পুনর্ব্যক্ত করেন খামেনি। পার্লামেন্টের স্পিকারের নির্বাচন
হবে আজ রবি বা সোমবার। এ পদের নির্বাচনের পরেই কেবল বোঝা যাবে রক্ষণশীল এমপিরা না মধ্যপন্থী সংস্কারবাদী প্রেসিডেন্ট হাসান রুহানির মিত্ররা সংখ্যাগরিষ্ঠতা পাবে।