খালি ড্রাম যায়, ভর্তি হয়ে আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোরাইপথে ভারত থেকে জ্বালানি তেল নিয়ে ফিরছেন নেপালের সীমান্ত এলাকার বাসিন্দারা
চোরাইপথে ভারত থেকে জ্বালানি তেল নিয়ে ফিরছেন নেপালের সীমান্ত এলাকার বাসিন্দারা

নেপালের দক্ষিণাঞ্চল। কাকডাকা ভোরে কুয়াশা কেটে সাইকেল কিংবা মোটরবাইকে উদয় হয় কিছু মানুষ। সঙ্গে খালি ড্রাম অথবা গ্যাস সিলিন্ডার। সংকীর্ণ নালা পেরিয়ে তারা দ্রুত ঢুকে পড়ে ভারতের সীমানায়। হারিয়ে যায় কুয়াশার মধ্যে। ঘণ্টা খানেকের মধ্যে ফিরে আসে। সঙ্গে এবার ড্রাম ভর্তি তেল কিংবা সিলিন্ডার ভর্তি গ্যাস।
ভারতের অঘোষিত অবরোধে তীব্র জ্বালানি-সংকটে পড়া নেপালের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এ দৃশ্য এখন প্রতিদিনই চোখে পড়ে। আগে ভারতে প্রবেশ করা নেপালিদের জন্য সাধারণ ব্যাপার ছিল। কিন্তু গত সেপ্টেম্বরে নতুন সংবিধানের জের ধরে হিমালয়কন্যা নেপালের দক্ষিণাঞ্চলের মদেশীয় জাতিগোষ্ঠী ভারতের সঙ্গে সীমান্ত অবরোধ করে। এরপরই ভারত থেকে পণ্য ও জ্বালানি আমদানি বন্ধ হয়ে যায়। অবশ্য প্রায় পাঁচ মাস পর গত শুক্রবার ভারত থেকে পণ্য ও জ্বালানিবাহী ট্রাক নেপালে ঢুকতে শুরু করেছে। কিন্তু সংকট শিগগিরই কাটবে বলে কেউ মনে করছেন না।
যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, চোরাইপথে জ্বালানি তেল আনেন এমন এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাতে যখন অনেক মানুষ জ্বালানির জন্য সীমান্ত অতিক্রম করে, তখন মনে হয় দিওয়ালি উৎসব চলছে। ওই ব্যক্তির মতে, সীমান্ত-ঘেঁষা প্রতিটি গ্রামের কমপক্ষে ২০ শতাংশ বাসিন্দা এখন চোরাইপথে জ্বালানি তেল আনার সঙ্গে জড়িত।
প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে আনা জ্বালানি তেল নিয়ে যাওয়া হয় সীমান্ত থেকে নয় মাইল ভেতরে জনকপুর শহরে। জায়গাটি ধানুসা জেলার প্রশাসনিক কেন্দ্র। সেখান থেকে কিছু জ্বালানি স্থানীয় বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে যায়। বাকিটা স্থানীয় ডিলাররা কাঠমান্ডুতে নিয়ে যান।
একজন ব্যক্তি একসঙ্গে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ লিটার জ্বালানি তেল আনতে পারে। হাজারো লোক ভারতের সঙ্গে নেপালের সীমান্তজুড়ে এই কাজে যুক্ত হয়ে পড়েছে। তারাই এখন নেপালের অর্থনীতি জিইয়ে রেখেছে। জনকপুর শহরের পশ্চিমে পার্সা জেলার সীমান্ত দিয়ে প্রতিদিন এক থেকে দেড় লাখ লিটার জ্বালানি তেল ভারত থেকে নেপালে পাচার হচ্ছে। এক তেল চোরাকারবারি জানায়, জ্বালানি সংকটের পরও নেপাল সরকার সমাধানের কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই জনগণ বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছে। এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশিসংখ্যক লোক এই কাজে জড়িয়ে পড়েছে। অবরোধ এবং প্রতিবন্ধকতার ফলে আন্তসীমান্ত কালোবাজারির সংখ্যা ব্যাপক হারে বেড়েছে।
তবে তেল পাচারকারীরা বলছে, জ্বালানি চোরাচালানিতে লাভ খুবই সামান্য। ঝুঁকি অনেক বেশি। আশঙ্কা মূলত নেপালের দিক থেকেই বেশি। স্কুল বন্ধ থাকায় জ্বালানি চোরাচালানে নেমেছে এক ছাত্র। সে জানায়, ‘আন্দোলনকারীরা চোরাচালান ধরতে পারলে গাড়ি জ্বালিয়ে দিচ্ছে। প্রথমবার ধরলে ভবিষ্যতে পাচারে জড়িত না হতে সাবধান করে দেওয়া হয়। পরবর্তী সময়ে ধরা পড়লে কপালে উত্তমমধ্যম নিশ্চিত।’
এক পাচারকারী বলে, ‘আন্দোলনকারীরা চোরাচালানকারীদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করেন। আমিও আন্দোলনকে সমর্থন করি। কিন্তু আমার কিছু করার নেই। দিন শেষে আমাদের টেবিলে খাবার থাকতে হবে।’ গত মাসে নেপালের মানবাধিকার কমিশন অভিযোগ করেছে, দেশটির সরকার প্রকাশ্যে চলা কালোবাজারির প্রতি সমর্থন জুগিয়ে যাচ্ছে।
জনকপুরের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা স্বীকার করেছেন, তাঁরা জ্বালানি চোরাচালান দেখেও না দেখার ভান করে থাকেন। তিনি বলেন, এই সমস্যা সমাধান পুলিশের কাজ নয়। রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে। সূত্র: দ্য গার্ডিয়ান