খুনে জড়িত উত্তর কোরীয় চার নাগরিক পালিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নামের হত্যার ঘটনায় সন্দেহভাজন চার উত্তর কোরীয় নাগরিক মালয়েশিয়া থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির তদন্তকারী ব্যক্তিরা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উত্তর কোরিয়ার এক নাগরিককে গ্রেপ্তারের পরদিন এমন তথ্য দিল মালয়েশীয় কর্তৃপক্ষ।
কুয়ালালামপুরের বিমানবন্দরে গত সোমবার বিষপ্রয়োগে হত্যা করা হয় কিম জং-নামকে। সন্দেহ করা হচ্ছে উত্তর কোরিয়ার গুপ্তঘাতকেরা এর পেছনে রয়েছে। উত্তর কোরিয়ার নাগরিক ছাড়াও পুলিশ ইতিমধ্যে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার দুই নারী এবং মালয়েশিয়ার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মালয়েশিয়ার তদন্তকারী ব্যক্তিরা বলেন, হত্যার পর পর উত্তর কোরিয়ার চারজন নাগরিক মালয়েশিয়া থেকে পালিয়ে গেছে। তবে তারা কোন দেশে উড়ে গেছে, সেই সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। তদন্তকারীরা বলেন, তাঁরা ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করে ফেরত আনার চেষ্টা করছেন। তারা যে দেশে গিয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সে দেশের সহযোগিতাও চাওয়া হচ্ছে।
পুলিশ কর্মকর্তা নূর রশিদ ইব্রাহিম গতকাল রোববার কুয়ালালামপুরের এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর কোরিয়ার ওই চার নাগরিক একই দিনে মালয়েশিয়া ত্যাগ করেছে। তারা সাধারণ পাসপোর্টধারী ছিল। পুলিশ এর বাইরে আরও তিনজনকে খুঁজছে। এর বাইরে এই মুহূর্তে আর কিছু বলার মতো নেই।
কিম জং-উনের সমালোচক ছিলেন কিম জং-নাম। তাই সৎভাইকে হত্যার নির্দেশ দিয়েছিলেন জং-উন। ২০১২ সালে এক দফা চেষ্টা ব্যর্থ হয়। চীনের নিরাপত্তা-ব্যবস্থায় ম্যাকাও দ্বীপে স্ত্রীর সঙ্গে থাকতেন জং-নাম। সেখানে যাওয়ার পথেই হত্যার শিকার হন তিনি।
এদিকে জং-নামের লাশ হস্তান্তর নিয়ে মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। কুয়ালালামপুরে নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূত কাং চল বলেন, মালয়েশিয়ায় তাঁদের অনুমতি ও উপস্থিতি ছাড়াই ময়নাতদন্ত করছে। এই প্রক্রিয়ার ফলাফল প্রত্যাখ্যান করা হবে।