খুলতে শুরু করেছে নেপালের বিদ্যালয়গুলো

নেপালের ভয়াবহ ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বিদ্যালয় মাস খানেক পর খুলতে শুরু করেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৮ তীব্রতার ওই ভূমিকম্পে আট হাজারের বেশি লোক নিহত হয়।
বহু ভবন ধসের পাশাপাশি ২৫ হাজারেরও বেশি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়। বিবিসি অনলাইনের খবরে আজ রোববার এ কথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ভেঙে পড়া অনেক বিদ্যালয় বাঁশ, কাঠ ও ত্রিপলের মতো অস্থায়ী উপাদান দিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে। শিক্ষকেরা বলেছেন, প্রথম দিকে ছোট ছোট দল করে আলোচনার মাধ্যমে পাঠদান করা হবে, যাতে শিশুরা ভয়াবহ ভূমিকম্পের সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারে।
ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর রাজধানী কাঠমান্ডু ও এর আশপাশের জেলাগুলোর বিদ্যালয় বন্ধ ঘোষণা করে নেপালের সরকার। কারণ, ভূমিকম্প পরবর্তী সময়ে সাধারণ জীবনে ফেরার জন্য দুর্গতরা কঠিন সময় পার করছিল। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। ভূমিকম্পে গোরখা, সিন্ধুপালচক ও নুয়াকত জেলার ৯০ শতাংশেরও বেশি বিদ্যালয় একেবারে ধ্বংস হয়ে যায়।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা লাভাদেও আওয়াথি বলেন, এই শ্রেণিকক্ষের অস্থায়ী কাঠামোগুলো আগামী দুই বছরের জন্য করা হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ভবনগুলো তৈরি করা হবে।
আপাতত বিদ্যালয়ে খুব কম সময় ক্লাস হবে। এখন মূলত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দেওয়া হবে। শিশুদের মনোজগতে ইতিবাচক প্রভাব সৃষ্টির লক্ষ্য নিয়ে জাতিসংঘ বিদ্যালয়গুলোতে পাজল ও ছবির বইসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ করেছে।
ইউনিসেফের প্রাক শৈশব উন্নয়ন বিশেষজ্ঞ শিবা ভূষাল বলেন, বিভিন্ন ধরনের খেলা ও বিনোদনের উপকরণ পেয়ে শিশুরা বেশ খুশি।
ইউনিসেফের হিসাবে, নেপালে পাঁচ থেকে ১৬ বছর বয়সী ১২ লাখ শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ে। ভূমিকম্পের পর এই হার বাড়তে পারে বলে সংস্থাটি আশঙ্কা করছে।