খুশির সংবাদ পৌঁছাতে চালের ব্যাগ উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুর ছবিসংবলিত চালের ব্যাগ
ছবি: সংগৃহীত

নতুন অতিথির আগমনে পরিবারে চলে উৎসবের আমেজ। মা-বাবার পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে বিরাজ করে বাঁধাভাঙা আনন্দ-উচ্ছ্বাস। দূরদূরান্তে থাকা আত্মীয়স্বজন ছুটে আসেন শিশুটিকে দেখতে, কোলে নিয়ে আদর করতে।

কিন্তু জাপানে করোনাভাইরাস মহামারি সেই আনন্দে বাদ সেধেছে। বিধিনিষেধের কারণে আত্মীয়স্বজন নবজাতককে দেখতে আসতে পারছেন না। তাই বলে শিশুর মুখদর্শন হবে না, তা তো হতে পারে না। সে জন্য মা-বাবা সন্তানের ছবি ও নামসংবলিত চালের ব্যাগ উপহার হিসেবে আত্মীয়স্বজনের বাড়িতে পাঠাচ্ছেন। শিশুটির ওজন যে পরিমাণ, চালও সেই পরিমাণে পাঠানো হচ্ছে।

চালের ব্যাগটি নবজাতকের ছবি ও কম্বল দিয়ে এমনভাবে মোড়ানো হয়েছে, দেখে যে কারোর মনে হবে যেন কোনো শিশুকে কম্বল দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। এই ব্যাগের আবার নামও দিয়েছেন জাপানিরা—দাকিগোকোচি।

দ্য ইনডিপেনডেন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওজনের অনুপাতে প্রতিটি ব্যাগের দাম বেড়ে যায়। সাড়ে ৩ কেজি ওজনের চালের ব্যাগের দাম ধরা হয়েছে ৩ হাজার ৫০০ ইয়েন।

তবে জাপানে দাকিগোকোচির এই সংস্কৃতি নতুন নয়। মহামারির আগেও এর চল ছিল। করোনার মধ্যে জাপানে উপহারের এই চল ব্যাপক বেড়েছে। জাপানিরা মনে করেন, চালের ব্যাগ ধরলে মনে হবে শিশুকে ধরে আছেন।

ব্যবসায়ী নারু ওনো বলেন, ‘১৪ বছর আগে আমার ছেলের জন্মের সময় প্রথম এমন পরিকল্পনা মাথায় আসে। যেসব স্বজন আমার কাছ থেকে অনেক দূরে থাকেন, যাঁরা আমার ছেলেকে দেখতে আসতে পারেননি, তাঁদের কাছে এই খুশির খবর কীভাবে দেওয়া যায়, সেই চিন্তা থেকেই এই পরিকল্পনা মাথায় আসে।’ তিনি আরও বলেন, ‘তখন সিদ্ধান্ত নিয়েছিলাম, জন্ম নেওয়ার সময় আমার ছেলের ওজনের সমান চাল ব্যাগে ভরে তাঁদের কাছে পাঠাব, যাতে তাঁরা ওই ব্যাগ ধরে অনেকখানি শিশুকে কোলে তোলার মতো অনুভূতি পান।’