খেল বদলে যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই ছবি প্রকাশ করেছে। ছবি: রয়টার্স
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই ছবি প্রকাশ করেছে। ছবি: রয়টার্স

মাস কয়েক আগে স্বভাবসুলভ ভঙ্গিতে অতি আস্থা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের করা এক টুইটকে অসার প্রমাণ করে দিয়েছে উত্তর কোরিয়া।

পিয়ংইয়ং গত মঙ্গলবার সদর্পে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালানোর ঘোষণা দেয়।

উত্তর কোরিয়া জানায়, হোয়াসং-১৪ ক্ষেপণাস্ত্রটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৮০২ কিলোমিটার উঁচুতে ওঠে। সাগরে আছড়ে পড়ার আগে ৯৩৩ কিলোমিটার অতিক্রম করে। ওড়ে প্রায় ৩৭ মিনিট।

যাচাই-বাছাই শেষে যুক্তরাষ্ট্রও নিশ্চিত করেছে, আইসিবিএমের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের আলাস্কায় আঘাত হানতে সক্ষম বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ঘটনায় খেল বদলে যেতে পারে।

উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা নিয়ে সন্দেহ নতুন কিছু নয়। কিন্তু এবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি ভিন্ন। লন্ডনভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান চাথাম হাউসের জ্যেষ্ঠ গবেষণা ফেলো জন নিলসসন-রাইটের মতে, এই পরীক্ষাটি নিঃসন্দেহে প্রতীকী ও বাস্তবিক উভয় অর্থেই খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো।

সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উচ্ছ্বসিত উত্তর কোরীয় নেতা কিম জং-উন। ছবি: রয়টার্স
সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উচ্ছ্বসিত উত্তর কোরীয় নেতা কিম জং-উন। ছবি: রয়টার্স

দাবি অনুযায়ী, মার্কিন ভূখণ্ড এখন পিয়ংইয়ংয়ের লক্ষ্যের নাগালে। আর এই প্রথমবার যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট স্বীকার করলেন, উত্তর কোরিয়া শুধু উত্তর-পূর্ব এশিয়া ও যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্যই সত্যিকারের হুমকি নয়, খোদ ওয়াশিংটনের জন্যও হুমকি।

পরমাণু ও ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে পিয়ংইয়ং প্রতি সপ্তাহেই অগ্রগতি অর্জন করছে বলে সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা হামিশ দে ব্রিটন-গর্ডনের কাছে প্রতীয়মান হচ্ছে। উত্তর কোরিয়ার সবশেষ ক্ষেপণাস্ত্রটিকে তিনিও ‘গেম-চেঞ্জার’ বলে অভিহিত করেছেন।

উত্তর কোরিয়া যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে আলাস্কার পর নিউইয়র্ক-ওয়াশিংটনের নাগাল পাওয়াটাও নিভৃতকামী এই দেশটির জন্য অসাধ্য হবে না বলে শঙ্কা জেগেছে। যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ম্যাথু ক্রোইনগ মনে করেন, যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম—এমন পরমাণু অস্ত্র তৈরির চেষ্টায় আছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার ‘বেপরোয়া’ পারমাণবিক কর্মসূচির জবাবে দেশটির ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে গত এপ্রিলে কোরীয় উপদ্বীপ অভিমুখে মার্কিন বিমানবাহী রণতরি পাঠানোর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু পরের ঘটনাবলিতে উল্টো বিব্রত হন তিনি।

চীনকে দিয়েও উত্তর কোরিয়াকে দমাতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় বরাবরের মতো এবারও ছকবাঁধা নিন্দায় দায় সেরেছে চীন। একই পথের পথিক রাশিয়া।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

সবশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্র প্রয়োজনে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করার হুমকি দিয়েছে।

সামরিক পদক্ষেপে হয়তো সাময়িক সফলতা আসে। কিন্তু তার ফল ভালো হয় না। পিয়ংইয়ংকে মোকাবিলায় জরুরি ভিত্তিতে দীর্ঘমেয়াদি, টেকসই ও সংশোধনমূলক কৌশল নেওয়াই হবে ওয়াশিংটনের জন্য বুদ্ধিদীপ্ত কাজ।

বিবিসি, রয়টার্স ও টেলিগ্রাফ অবলম্বনে সাইফুল সামিন