খেলনা নয়, আসল সিংহ-বাঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষ্প্রাণ খেলনার বদলে জীবন্ত জীবজন্তু চাইছে সংযুক্ত আরব আমিরাতের শিশুরা। ছবি: এএফপি
নিষ্প্রাণ খেলনার বদলে জীবন্ত জীবজন্তু চাইছে সংযুক্ত আরব আমিরাতের শিশুরা। ছবি: এএফপি

সংযুক্ত আরব আমিরাতের শিশুদের কাপড়-তুলোয় তৈরি খেলনা পশুপাখিতে আর মন ভরছে না। তারা সত্যিকারের জীবজন্তু চাইছে। অনেকের বাড়িতে পোষা প্রাণী হিসেবে ছোট গিরগিটি, সাপ থেকে শুরু করে কুমির, অজগর এমনকি সিংহ পর্যন্ত রাখা হচ্ছে। 

গতকাল রোববার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, বাড়িতে বন্যপ্রাণী পুষতে শুরু করায় বন্য পশু সংরক্ষণের সঙ্গে জড়িত লোকজন উদ্বেগ প্রকাশ করেছেন।
একজন বিশেষজ্ঞ বলছেন, মূলত বাসার শিশুদের জোড়াজুড়িতে অনেক পরিবার বন্য পশু বাসায় পুষতে শুরু করেছে।

আন্তর্জাতিক পশু কল্যাণ তহবিল আইএফডব্লিউয়ের কর্মকর্তা এল সায়েদ মোহামেদ গালফ নিউজকে বলছেন, প্রধান সমস্যা হচ্ছে, অনেক শিশু দোকানের খেলনার বদলে রক্ত-মাংসের জীবজন্তুর সঙ্গে খেলতে চাইছে। প্রধানত শিশুরাই এই চাহিদা তৈরি করছে।
মোহামেদ বলেন, আরব আমিরাতে কাজ করার সময় তিনি যত শিশু-কিশোরের সঙ্গে কথা বলেছেন, তাদের প্রত্যেকের বাড়িতেই বন্য পশু রয়েছে। এগুলোর মধ্যে অজগর, বাঘ, এমনকি সিংহও রয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে আরব আমিরাতের সরকার বন্য পশু পালনের প্রবণতা কমানোর চেষ্টা করছে। দেশটিতে ২০১০ সালে যেখানে সিংহ আমদানির সংখ্যা ছিল ১১৪টি। কিন্তু সরকারের নজরদারির কারণে ২০১২ সালে তা অনেক কমে এসেছে।
শারজার সরকার নভেম্বর মাসে বন্যপ্রাণী ঘরে রাখা নিষিদ্ধ করে এক মাসের মধ্যে সেসব কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশ দেয়। তখন বাঘ, লেপার্ড, কুমিরসহ অনেক বন্যপ্রাণী জমা পড়ে।