খেলার সঙ্গী ভাড়াটে কুকুর

সাত বছরের রিনো কাকিনুমাকে ঘিরে আছে কয়েকটি কুকুর-ছানা। একবার একটিকে কোলে তুলে নেয়, তো আরেকবার আরেকটির গায়ে গিয়ে পড়ে। কুকুর ছানাগুলোর সঙ্গে ভালোই বন্ধুত্ব তার।
রিনোর বাবা শিনজি কাকিনুমা বলেন, ‘সে কুকুরদের খুব পছন্দ করে। কিন্তু আমাদের বাসায় পোষা প্রাণী রাখার জায়গা নেই।’ তাই মেয়ের জন্য বাবার খারাপ লাগে। এখন তিনি বড় বাসার খোঁজ করছেন, যেখানে তাঁর মেয়ে কুকুরের সঙ্গে খেলতে পারবে।
জাপানের রাজধানী টোকিওতে এ অবস্থা কেবল রিনো বা তার বাবারই নয়, অন্য সবারও একই দশা। টোকিও বিশ্বের অন্যতম একটি ব্যস্ত নগর। এখানে গায়ে গায়ে লাগোয়া সব ভবন। গড়পড়তা বাসার আয়তনও বেশ ছোট, মাত্র ৬৫০ স্কয়ার ফুট। এত ছোট জায়গায় পরিবারে পোষা প্রাণী রাখা সত্যি খুব ঝামেলার।
তাই শিশুদের পাশাপাশি বড়দের মন ভোলাতে ইয়োগি পার্কের কাছে ডগ হার্ট নামের একটি প্রতিষ্ঠান পোষা কুকুরদের আস্তানা গড়ে তুলেছে। সেখান থেকে কেউ চাইলে কিছু সময়ের জন্য কুকুর ভাড়াও নিতে পারবেন।
দর্শনার্থীরা সেখানে ২০টির বেশি কুকুর ছানার সঙ্গে বসে সময় কাটাতে পারেন, আদর করতে পারেন। অথবা তাদের নিয়ে পার্কে হাঁটতেও যেতে পারেন।
কুকুরদের সঙ্গে প্রতি আধা ঘণ্টা খেলার জন্য গুনতে হবে ৯৫০ ইয়েন, যা বাংলাদেশি টাকায় ৬২৪ টাকা। আর এক ঘণ্টার জন্য হাঁটতে নিয়ে গেলে লাগবে তিন হাজার ৬০০ ইয়েন।
২০১২ সালে ডগ হার্ট প্রতিষ্ঠিত হয়। এর মালিক ৫০ বছর বয়সী ইউকিকো বলেন, দিন দিন তাঁর ব্যবসার উন্নতি হচ্ছে। অনেক গ্রাহক প্রত্যেক সপ্তাহে আসে।
ইউকিকো বলেন, শহরের উপকণ্ঠে কুকুর পালার সুযোগ থাকলেও টোকিওতে সুযোগ না থাকায় এ ধরনের প্রতিষ্ঠানের চাহিদা আছে। লোকজন এখানে তাঁদের বাচ্চাদের নিয়ে আসেন, অনেকে সময় কাটাতে প্রিয় সঙ্গীকে নিয়ে আসেন, আবার বয়স্ক ব্যক্তিরাও আসেন। তবে সবাই যে এতে অভিভূত হন, তা নয়।
জাপানিজ কোয়ালিশন ফর অ্যানিমেল ওয়েলফেয়ার নামের একটি প্রচারণা গোষ্ঠী জানায়, ভাড়া করা এসব প্রাণীর সাহচর্যে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে।
গোষ্ঠীর প্রধান কোইচি আওকি বলেন, এত মানুষের মধ্যে গিয়ে প্রাণীরা বিভ্রান্ত হবে, সন্দেহ নেই। প্রাণীরা যদি মানুষের আচরণ বুঝতে ব্যর্থ হয়, তখন সে এসব এড়িয়ে যাবে এমনকি সে ভয়ও পেতে পারে।
তবে ডগ হার্টের মালিক বলেন, তিনি তাঁর প্রাণীদের ভালোভাবেই দেখাশোনা করেন। যদি আবহাওয়া খারাপ থাকে বা কোনো কারণে গ্রাহক না আসে, তাহলে কুকুরগুলো নিস্তেজ থাকে। আসলে যখন কোনো গ্রাহক আসে, তখন তারা ভালো থাকে। খবর: এএফপির
