খোলা হচ্ছে আলেপ্পো থেকে বেরোনোর পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার লড়াইয়ে অবরুদ্ধ গুরুত্বপূর্ণ আলেপ্পো নগর থেকে বের হওয়ার সুযোগ দিতে বেসামরিক লোক ও বিদ্রোহীদের জন্য চারটি করিডর (পথ) খুলে দিচ্ছে সরকারি বাহিনী। তারা দেশের দ্বিতীয় বৃহত্তম এ নগর কার্যত ঘিরে রেখেছে। সিরিয়ার অন্যতম মিত্র রাশিয়া গতকাল বৃহস্পতিবার এ পথ খোলার কথা জানিয়েছে।
করিডর খোলা প্রসঙ্গে গতকাল রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সয়গু বলেন, আলেপ্পোর বেসামরিক লোকজনের জন্য তিনটি ও সশস্ত্র বিদ্রোহীদের জন্য একটি করিডর খোলা হবে।
চার বছর ধরে আলেপ্পোর পূর্বাঞ্চল দখল করে রেখেছেন বাশারবিরোধী বিদ্রোহীরা। তাঁদের কাছ থেকে নগরের পুরো নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টায় এটি ঘিরে রেখেছে সরকারি বাহিনী। স্থানীয় গণমাধ্যমের খবরে গতকাল বলা হয়, নগরের আরও কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী।
বাশারের অনুগত সেনাবাহিনী বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলো বিচ্ছিন্ন করে সেখানকার সরবরাহ পথ বন্ধ করে দিচ্ছে। এতে সেসব স্থানে আটকে পড়া বহু সাধারণ মানুষ খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়ছে। বাশার বাহিনীর চেষ্টায় সহায়তা করছে রাশিয়ার বিমানবাহিনী।
এদিকে আলেপ্পোয় আটকে পড়া প্রায় তিন লাখ লোকের অবনতিশীল পরিস্থিতি নিয়ে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির মানবিক সহায়তা কার্যক্রমের প্রধান স্টিফেন ও’ব্রায়ান সোমবার বলেছেন, ‘আগস্টের মাঝামাঝি নগরে খাদ্যের মজুত ফুরিয়ে যেতে পারে। হামলা চলতে পারে অনেক চিকিৎসা স্থাপনায়।’
এমন প্রেক্ষাপটে করিডরগুলোকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সয়গু ‘বড় ধরনের মানবিক তৎপরতা’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, সর্বাগ্রে আলেপ্পোর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই হলো এ পদক্ষেপের লক্ষ্য। তিনি আরও বলেন, বেসামরিক নাগরিক ও নিরস্ত্র বিদ্রোহীদের জন্য খোলা তিনটি করিডরে চিকিৎসাসেবা ও খাদ্য সরবরাহ কেন্দ্র থাকবে। এই প্রচেষ্টায় আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর সহযোগিতাকে স্বাগত জানানো হবে।
সাধারণ ক্ষমার প্রস্তাব: আলেপ্পোয় করিডর খুলে মানবিক সহায়তা কার্যক্রম শুরুর উদ্যোগের মধ্যে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তিন মাসের মধ্যে অস্ত্র ত্যাগ ও আত্মসমর্পণের শর্তে বিদ্রোহীদের সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছেন।
গতকাল এ-সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয় বলে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে। অধ্যাদেশকে উদ্ধৃত করে সানা বলেছে, ‘যেসব বিদ্রোহী অস্ত্র বহন করছে...এবং যাদের বিচারের মুখোমুখি করতে খোঁজা হচ্ছে...তারা অস্ত্র ত্যাগ ও আত্মসমর্পণ করলে সাজা থেকে অব্যাহতি দেওয়া হবে।’
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। সিরিয়ায় বিদ্রোহীদের মোকাবিলা করা এবং দেশটিতে একটি কার্যকর যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় চেষ্টা চালানোর ব্যাপারে সম্মত হন তাঁরা।